হলিউডের মেগা অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর আইকনিক চরিত্র ‘ডমিনিক টোরেটো’ তথা বিশ্বখ্যাত হলিউড অভিনেতা ভিন ডিজেল -এর পথদুর্ঘটনায় মৃত্যুর এক ভুয়ো খবরকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল সোশ্যাল মিডিয়ায়! এক্স প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্টের পোস্ট থেকে দাবি করা হয়, অতিরিক্ত গতির কারণে একটি বিলাসবহুল গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ভিন ডিজেল। এই ভুয়ো খবরটি সামনে আসতেই বিশ্বজুড়ে ওঁর কোটি কোটি ভক্তের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। লাইক আর ভিউজ পাওয়ার জন্য একজন জীবিত অভিনেতাকে মেরে ফেলার এই নোংরা মানসিকতার বিরুদ্ধে গর্জে উঠেছেন নেটিজেনরা।
কী দাবি করা হয়েছিল সেই ভাইরাল পোস্টে?এক্স প্ল্যাটফর্মের (@worldwide176481) নামের একটি হ্যান্ডেল থেকে এই চাঞ্চল্যকর দাবিটি করে লেখা হয় -“এইমাত্র পাওয়া খবর: আমেরিকান অভিনেতা ভিন ডিজেল, যিনি ডমিনিক টোরেটো নামে পরিচিত, অতিরিক্ত গতির কারণে হওয়া একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এই একই দুর্ঘটনায় ওঁর প্রিয় বন্ধু পল ওয়াকার-ও প্রাণ হারিয়েছেন।”
🚨JUST IN: American actor Vin Diesel, popular known as Dominic Toretto was found Dead in a crash because of over speeding that also took the life of his Best Friend PAUL WALKER.😭 pic.twitter.com/THzO5ZHj69
— WORLDWIDE (@worldwide176481)Tweet by @worldwide176481
পোস্টটির সাথে একটি ছোট ভিডিও ক্লিপও জুড়ে দেওয়া হয়েছিল। যেখানে দেখা যাচ্ছে, একটি দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির স্টিয়ারিং হুইল থেকে ডিফ্লেটেড এয়ারব্যাগ বেরিয়ে এসেছে। ক্যামেরা একটু জুম-আউট হতেই দেখা যায় গাড়ির সামনের অংশটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং পাশ দিয়ে অন্যান্য গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে পুরো ভিডিওতে কোথাও ভিন ডিজেল বা অন্য কোনও ব্যক্তিকে দেখা যায়নি।
এই পোস্টটি ছড়াতেই নেটিজেনরা কড়া ভাষায় ওই এক্স অ্যাকাউন্টটিকে আক্রমণ করা শুরু করেন। কারণ আন্তর্জাতিক কোনও গণমাধ্যম এই ধরনের কোনো খবর প্রকাশ করেনি এবং ভিন ডিজেলের পরিবারের তরফ থেকেও কোনও বিবৃতি আসেনি। উল্টে, অভিনেতা নিজেই তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এর রেড কার্পেট থেকে নিজের একটি দুর্দান্ত ছবি শেয়ার করেছেন।
মিথ্যে খবর ছড়ানোর জন্য কমেন্ট বক্সে তোপ দেওয়া হল ওই নেট ব্যবহারকারীকে। একজন ক্ষোভ উগরে দিয়ে লেখেন, “একেবারে ভুয়ো খবর! স্রেফ সস্তা প্রচারের জন্য এই ধরনের ইন্টারনেট হোক্স বা গুজব ছড়ানো হচ্ছে।” অন্য একজন লিখেছেন, “ভাই ভিন ডিজেল খুব ভালভাবে বেঁচে আছে, ফালতু খবর ছড়ানো বন্ধ কর।” তৃতীয় একজন তো কড়া হুঁশিয়ারি দিয়ে লেখেন, “ভুয়া খবর ছড়ানোর জন্য এবার আপনার অ্যারেস্ট হওয়ার লাইনে দাঁড়ানোর পালা।” সবচেয়ে মজার মন্তব্য করেন একজন অনুরাগী, তিনি লেখেন— “ভাই তো এক লাইনেই ভিন ডিজেল আর পল ওয়াকার দু’জনকেই একসঙ্গে মেরে দিল! আর সেটাকে আবার খবর বলছে!”
এমনকী সত্যতা যাচাই করতে যখন এক্স-এর এআই টুল ‘গ্রোক’-এর সাহায্য নেওয়া হয়, সেও সাফ জানিয়ে দেয়: “সম্পূর্ণ মিথ্যা। ভিন ডিজেল সুস্থ ও জীবিত আছেন এবং ২০২৬ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে তিনি উপস্থিত ছিলেন। পল ওয়াকার ২০১৩ সালে একটি সম্পূর্ণ পৃথক সড়ক দুর্ঘটনায় মারা যান। এটি পুরনো ভিডিও ব্যবহার করে তৈরি একটি রিসাইকেলড সেলিব্রিটি ডেথ হোক্স। দয়া করে এটি শেয়ার করবেন না।”
তবে ভিন ডিজেলের সঙ্গে এমন ঘটনা প্রথম নয়! অর্থাৎ এই হলিউড তারকার মৃত্যুর ভুয়ো খবর রটার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত ২০২৫ সালেও ইন্টারনেটে একাধিকবার দাবি করা হয়েছিল যে ‘রিডিক’ খ্যাত এই অভিনেতা মারা গেছেন। সেই সময় কিছু এডিটেড ভুয়ো হেডলাইন এবং বিকৃত ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসেই ভিন ডিজেল ওঁর ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির শেষ পার্ট বা ফাইনাল ইনস্টলমেন্টের নাম আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ফাস্ট ফরএভার’। ২০২৮ সালের ১৭ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি।
ইনস্টাগ্রামে ওঁর চেনা ডমিনিক টোরেটো স্টাইলে ভিন লিখেছিলেন, “কেউ বলেনি পথটা সহজ হবে... কিন্তু এটা আমাদের পথ। যা আমাদের চেনা রূপ দিয়েছে এবং আমাদের ঐতিহ্য বা লিগ্যাসি তৈরি করেছে। আর লিগ্যাসি... চিরকাল টিকে থাকে। ১৭ মার্চ, ২০২৮! ফাস্ট ফরএভার।” আপাতত ভিন ডিজেল সম্পূর্ণ সুস্থ শরীরে ওঁর এই মেগা প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।















