অবশেষে জল্পনার অবসান। প্রিয়জনদের উপস্থিতিতে ২৬ ফেব্রুয়ারি সকালে সাত পাকে বাঁধা পড়লেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। গত বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে সম্পন্ন হয় বিয়ের সব আচার অনুষ্ঠান। সন্ধ্যায় সমাজমাধ্যমে বিয়ের মধুর ছবি পোস্ট করেন দু’জনেই। তবে সবার নজর কাড়ে বিজয়ের লেখা আবেগঘন একটি পোস্ট, যেখানে তিনি খুলে বলেন, কীভাবে তিনি প্রেমে পড়েছিলেন রশ্মিকার।
রশ্মিকার পোস্টের থেকে আলাদা ছবি শেয়ার করেন বিজয়। সেখানে যেমন ছিল বিয়ের মুহূর্তে রশ্মিকার নাকে আলতো চুমু এঁকে দেওয়ার ছবি, তেমনই ছিল ‘অড্ডুতেরা’র নীচে আচার চলাকালীন পর্দার নীচে হাত ছোঁয়ার ভিডিও। আরও দেখা যায় মঙ্গলসূত্র পরানোর সময় আবেগে ভেঙে পড়া রশ্মিকা... আর বিয়ের পর বন্ধুদের উচ্ছ্বাসে ভরা মুহূর্ত।
নিজের পোস্টে বিজয় লেখেন, একদিন হঠাৎ করেই তিনি রশ্মিকাকে ভীষণ মিস করতে শুরু করেন -“মনে হয়েছিল, ও পাশে থাকলে দিনটা আরও ভাল কাটত। খাবারটা আরও তৃপ্তির হতো, যদি ও সামনে বসত। জিম করাটাও শাস্তি মনে হতো না, যদি ও সঙ্গে থাকত। বুঝেছিলাম, ওকে দরকার… যেখানেই থাকি, ঘরের মতো শান্তি পেতে। তাই আমার সেরা বন্ধুকেই স্ত্রী বানালাম। ২৬.০২.২০২৬।”
অন্যদিকে রশ্মিকাও নিজের আবেগ লুকোননি। তিনি লেখেন,“বিজু, তোমার জন্য আমার অনুভূতিগুলো শব্দে বোঝানো সবসময়ই কঠিন। কিন্তু আজ মনে হচ্ছে জীবনের সব সাফল্য, লড়াই, আনন্দ, কষ্ট সবকিছুর মানে যেন নতুন করে বুঝতে পারছি, কারণ তুমি আছো। চল, একসঙ্গে জীবনের সেরা সময়টা কাটাই। আমি তোমায় ভালবাসি।”
রশ্মিকার পোস্টে বিজয়ের আরও কয়েকটি ছবি ছিল। এর মধ্যে বিশেষ নজর কাড়ে ঘোড়ায় চড়া এক রাজকীয় মুহূর্ত।
উল্লেখযোগ্য, বিজয় ও রাশমিকা প্রথম একসঙ্গে কাজ করেন গীত গোবিন্দম (২০১৮) ছবিতে, পরে ফের জুটি বাঁধেন ডিয়ার কমরেড (২০১৯)-এ। দীর্ঘদিন তাঁরা নিজেদের ‘শুধু বন্ধু’ বললেও ভক্তরা তাঁদের জুটি ‘ভিরোশ’ নামেই ডাকতেন। ২০২০ সাল থেকে তাঁদের একসঙ্গে সময় কাটানোর ছবি সামনে আসতে থাকে, ২০২২-এ ছুটি ও পারিবারিক সময়ের খবর ছড়ায়। ২০২৫ সালের অক্টোবরে তাঁদের বাগদানহয়। তবে বিয়ের খবর তাঁরা প্রকাশ্যে আনলেন এবারই।
ভক্তদের কাছে এই বিয়ে শুধু তারকাদের ব্যক্তিগত মুহূর্ত নয়, এ যেন বহু বছরের ভালবাসার গল্পের রূপকথার মতো স্বপ্নপূরণ।
&t=313s
















