দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা এবার আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ। রাজস্থানের উদয়পুরের এ পাঁচতারা হোটেলে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান।
এর আগে ২৩ ফেব্রুয়ারি নবদম্পতি আয়োজন করেছিলেন বিশেষ এক বিলাসবহুল ডিনার, যা হোটেলের শেফদের হাতেই তৈরি হয়েছিল কাস্টমাইজড মেনুতে। জাপানি থিমের সেই ডিনারের পর ভলিবল ও ক্রিকেট ম্যাচের পর মঙ্গলবার রাতে বসে জমকালো সঙ্গীতের আসর। জানা গিয়েছে, সঙ্গীত অনুষ্ঠানের রাতে বিজয়ের মা মাধবী দেবরকোন্ডা পারিবারিক ঐতিহ্যের প্রথা মেনে রশ্মিকাকে নিজেদের পরিবারের সোনার বালা উপহার দেন।
সূত্রের খবর, বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সকাল সাড়ে ১১টার দিকে। যদিও এখনও পর্যন্ত নবদম্পতি বাইরে অপেক্ষমাণ পাপারাজ্জিদের সামনে আসেননি। তবে তাঁদের টিম ইতিমধ্যেই মিডিয়ার জন্য মিষ্টির বাক্স বিলি করেছে। অতিথিদের জন্য পরিবেশন করা হচ্ছে বিশেষ মধ্যাহ্নভোজ, যেখানে উপস্থিত রয়েছেন ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ। খাবারের তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ঐতিহ্যবাহী ও মুখরোচক সব পদ।
এরপর কয়েক ঘণ্টার মধ্যেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান, যা রশ্মিকার কুর্গি (কোডাভা) ঐতিহ্যকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে। বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এই অনুষ্ঠান হওয়ার কথা। তার পরেই নবদম্পতি প্রথমবার পাপারাজ্জিদের সামনে এসে ছবি তুলবেন। প্রথম বিয়ের ছবিও অচিরেই প্রকাশ করবেন তাঁরা নিজেদের সামাজিক মাধ্যমে।
প্রসঙ্গত, রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা-র পরিচয় হয়েছিল গীত গোবিন্দম ছবির সেটে। পরে তাঁরা আবার একসঙ্গে কাজ করেন ডিয়ার কমরেড-এ। তাঁদের তৃতীয় তেলুগু ছবি রণবলী মুক্তির অপেক্ষায়, যা ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা।
&t=313s
বিয়ের ঘোষণা করতে গিয়ে দু’জনে জানান, তাঁদের বিবাহের নাম রাখা হয়েছে ‘দ্য ওয়েডিং অফ ভিরোশ’। এই নাম কোনও পরিকল্পনাকারী বা পারিবারিক রীতি থেকে আসেনি, বরং বহু বছর আগে ভক্তরাই তাঁদের নাম জুড়ে তৈরি করেছিলেন ‘ভিরোশ’। ভক্তদের সেই ভালবাসাকে সম্মান জানাতেই এহেন পদক্ষেপ নিয়েছেন নবদম্পতি।
বিয়ের ঘোষণা করা নিজেদের বার্তায় তাঁরা লিখেছিলেন, তাঁদের জীবনের পরিকল্পনা করার আগেই ভক্তরা তাঁদের পাশে ছিলেন এবং ভালবাসা দিয়ে এই নাম উপহার দিয়েছিলেন। সেই কারণেই এই মিলন তাঁরা ভক্তদের উদ্দেশেই উৎসর্গ করতে চান।
