গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে সেরেছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। উদয়পুরে চারহাত এক করে তাঁরা। বিয়ের পর থেকে প্রীতিভোজ, মিষ্টি বিতরণ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলেছে উদযাপন। এরপরই দক্ষিণের জনপ্রিয় এই জুটি উড়ে যান মধুচন্দ্রিমায়। সম্প্রতি তাঁদের থাইল্যান্ড ট্রিপের একটি রোমান্টিক ছবি প্রকাশ্যে এসেছে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। 

সূত্রের খবর, জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান শেষে ‘ভিরোশ’ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। ক্যামেরা ও ব্যস্ততার চাপকে দূরে সরিয়ে সমুদ্রের ধারে শান্ত পরিবেশে নিজেদের মতো করে একান্ত সময় কাটান বিজয়-রশ্মিকা। সেই মিষ্টি মুহূর্তের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, দু’জনেই খুব হাসিখুশি মেজাজে রয়েছেন। সবুজ গাছপালায় ঘেরা, রোদ ঝলমলে একটি বাড়ির বাইরের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন দম্পতি। একটি হালকা রঙের টি-শার্ট ও গাঢ় রঙের প্যান্ট পরেছেন বিজয়। অন্যদিকে, রশ্মিকা একটি ঢিলেঢালা হলুদ রঙের ফুলের নকশার পোশাকে ধরা দিয়েছেন। চোখে চোখ রেখে, উষ্ণ হাসিতে তাঁরা একে অপরকে জড়িয়ে রয়েছেন। 


সূত্রে মারফত জানা গিয়েছে, বিলাসবহুল রিসর্টের পরিবর্তে হানিমুনে অন্তরঙ্গ ও ব্যক্তিগত অভিজ্ঞতা বেছে নিয়েছিলেন বিজয় ও রশ্মিকা। মধুচন্দ্রিমায় সৈকত-সংলগ্ন একটি বিশাল ব্যক্তিগত ভিলায় ছিলেন তাঁরা। বিয়ের অনুষ্ঠানের মতোই যেন তাঁদের ব্যক্তিত্বের প্রতিফলন ছিল হানিমুনের ছুটিতেও। 


এদিকে এই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। ভক্তরা দম্পতির নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। অনেকেই বলেছেন, “অনস্ক্রিন কেমিস্ট্রির মতোই বাস্তব জীবনেও তাঁদের জুটি সুন্দর।” আবার কারওর মতে, “একেবারে পারফেক্ট কাপল”। ছবিতে তাঁদের সহজ, আন্তরিক মুহূর্তই সবচেয়ে বেশি নজর কেড়েছে।

বহুদিনের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও রশ্মিকা। বিয়ের পর রোম্যান্টিক এই হানিমুন মুহূর্ত যেন আরও একবার প্রমাণ করে দিল, দক্ষিণের এই জুটির সম্পর্কে শুধুই গ্ল্যামার নয়, রয়েছে গভীর ভালবাসা ও বন্ধুত্বও।