বিয়ের পর তেলেঙ্গানার ৪৪টি সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করলেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা৷ বিজয়-রশ্মিকার বিয়ে নিয়ে আলোচনা চলছেই। ৪ মার্চ হায়দরাবাদে তাঁদের বিয়ের প্রীতিভোজ৷ তার আগে তেলেঙ্গানার ৪৪ টি সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বৃত্তি ঘোষণা করলেন বিজয়-রশ্মিকা৷ নবম আর দশম শ্রেণির পড়ুয়াদের এই বৃত্তি দেওয়া হবে৷ দেবেরাকোন্ডা চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলার আচাম্পেটে এই বৃত্তি দেওয়া হবে৷
বৃত্তি ঘোষণার সময় বিজয়-রশ্মিকা ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বাবা মা এবং ভাই৷ পড়ুয়াদের বৃত্তি প্রদানের ঘোষণায় খুশি ছাত্রছাত্রী থেকে গ্রামবাসী সকলে৷
গতকাল নবদম্পতি তেলেঙ্গানার থুম্মনপেটে বিজয়ের পৈতৃক গ্রামের বাড়িতে সত্যনারায়ণ পুজো করেছিলেন৷ ঐতিহ্য বজায় রাখতে বিজয়-রশ্মিকা তেলুগু এবং কোভাডা দুই রীতি মেনে বিয়ে করেছেন৷ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়-রশ্মিকা আনন্দ ভাগ করে নিচ্ছেন।
২৩ ও ২৪শে ফেব্রুয়ারি ছিল প্রাক বিবাহ অনুষ্ঠান৷ অতিথিদের জন্য জাপানি ডিনার, পুল ভলিবল এবং "ভিরশ প্রিমিয়ার লীগ" নামে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। এরপর ২৫শে ফেব্রুয়ারি গায়েহলুদ এবং মেহেন্দি অনুষ্ঠিত হয়।
প্রীতিভোজের অনুষ্ঠানে খ্যাতনামীদের উপস্থিতির কারণে রয়েছে কড়া নিরাপত্তা৷ বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ৷ ৪ মার্চের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নবদম্পতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী বিজয়-রশ্মিকার হাতে একটি চিঠিও পাঠিয়েছেন অভিভাবকের উদ্দেশে৷ অমিত শাহ উপহার দিয়েছে গণেশমূর্তি।
