অবশেষে প্রকাশ্যে এল বিজয় দেবেরাকোন্ডা আর রশ্মিকা মান্দানার বিয়ের ছবি৷ নবদম্পতির বিয়ের ছবিতে রং আর খুশির অপূর্ব মেলবন্ধন৷ বিয়ের জন্য লাল রং বেছে নিয়েছেন চর্চিত এই জুটি৷ তেলুগু মতে বিয়ে করেছেন তারকাজুটি৷ সেই ছবিই এখন সমাজমাধ্যমে ভাইরাল৷

বিজয় পরেছেন সাদা ধুতি। সঙ্গে ছিল লাল রঙের জমকালো উত্তরীয়৷ নজরকাড়া নকশায় উত্তরীয়টি ঐতিহ্য ও আধুনিকতার শৈল্পিক মিশেল৷ 

রশ্মিকা পরেছেন লাল টুকটুকে শাড়ি৷ মাথার পরেছেন সোনার টায়রা৷ তার সঙ্গে মানানসই জমকালো কাজের ব্লাউজ কনের সাজে বিশেষ মাত্রা এনেছে৷ 

রশ্মিকার সাজের মূল আকর্ষণ তার গালে থাকা ছোট্ট কালো তিল৷ কথিত আছে দক্ষিণী বিয়েতে নজরদোষ এড়াতে কনের গালে আঁকা হয় নকল কালো তিল৷ 

বিজয়-রশ্মিকার বিয়ের ছবিতে মন ভাল করা হাসির সঙ্গে একরাশ খুশির ঝলক। রাজকীয় কায়দায় বিয়ে সারলেও প্রেম নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি বিজয়-রশ্মিকা৷ 

বিয়ের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে বিজয় লিখেছেন,  একদিন ওকে খুব মনে পড়ছিল৷ মনে হল ও আশেপাশে থাকলে খুব ভাল লাগে৷ ও পাশে বসলে আমার খাওয়াদাওয়া আরও সুন্দর হয়৷ ও আমার সঙ্গে জিমে থাকলে কষ্ট কিছুটা কম হয় এবং আনন্দ বেশি হয়৷ আমি বুঝেছিলাম, আমার ওকে দরকার৷'' বিজয়-রশ্মিকা যে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছিলেন অনেক আগেই তা স্পষ্ট হয় বিজয়ের লেখায়৷ তিনি লিখেছেন,
''আমি যেখানেই থাকি,ও থাকলে মনে হয় আমি ঘরেই আছি৷ আমি আমার প্রিয় বন্ধুকেই পেয়েছি" ৷

বিজয়-রশ্মিকার নতুন পথচলা শুভ হোক প্রেমের আলোয়৷