বলিউডের অন্যতম প্রথম সারির অ্যাকশন হিরো তিনি। তবে একই সঙ্গে বিদ্যুৎ জামওয়াল তাঁর ফিটনেস দিয়ে নজর কেড়েছেন নেটপাড়ার। এবার আরও একবার তাঁর অদ্ভুত কাণ্ড দেখে মুগ্ধ হল নেটপাড়া। কী ঘটালেন অভিনেতা? 

এদিন বিদ্যুৎ জামওয়াল একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে চারিদিক বরফে ঢাকা পড়ে সাদা হয়ে আছে। এমনকী সেখানে থাকা ছোট হ্রদটির জলও জমে বরফ হয়ে আছে। তার মধ্যে খালি গায়ে দাঁড়িয়ে বিদ্যুৎ জামওয়াল। তিনি নিজেই জানালেন সেই সময় তিনি যে জায়গায় দাঁড়িয়ে সেখানকার তাপমাত্রা -৮ ডিগ্রি। এর মধ্যে তিনি জামা ছাড়া দাঁড়িয়ে। শুধু তাই নয়, তারপর তিনি ওই বরফে মধ্যে দিয়ে হেঁটে বরফ জমা হ্রদে নেমে তাতে স্নান করেন। ডুবে বসে থাকেন। তাঁর এই কাণ্ড দেখে একদিকে যেমন সকলে হতবাক, তেমনই মুগ্ধ। 

এটাই প্রথমবার নয়। অতীতেও বিদ্যুৎ একাধিকবার এভাবে এক্সট্রিম পরিস্থিতিতে প্রকৃতির মাঝে কাটিয়েছেন। তিনি একবার জঙ্গলের মধ্যে পোশাক ছাড়া গল্পের বইয়ের মোগলির মতো বন্য জীব, মাছ মেরে খেয়ে সেখানেই দিন কাটিয়েছিলেন। এছাড়া তাঁর শরীর চর্চার বিভিন্ন ভিডিও দর্শকদের নজর কাড়ে। 

এদিন বিদ্যুৎ এই বরফ হ্রদে স্নান করার ভিডিও পোস্ট করতেই নানা ব্যক্তি নানা মন্তব্য করেছেন। একজন লেখেন, 'আপনি আপনার নামের মতোই ইলেক্ট্রিফাইং। কী দারুণ স্ট্রেংথ আপনার।' কারও মন্তব্য, 'আপনার ফিটনেস দেখে বারবার মুগ্ধ হই!' আরও এক নেটিজেনের মতে, বিদ্যুৎ নাকি বিশ্বের সেরা ৫ ডেডলি পুরুষের অন্যতম। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বিদ্যুৎ জামওয়াল সম্প্রতি বলিউডের পাশাপাশি হলিউডেও ডেবিউ করেছেন। 'স্ট্রিট ফাইটার' ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া বলিউডে করা তাঁর শেষ কাজগুলোর মধ্যে রয়েছে 'মাধারাশি' যা গত বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল, 'ক্র্যাক: জিতেগা তো জিয়েগা'। এই ছবিটি ২০২৪ সালে মুক্তি পেয়েছিল।