১৬ মে ছিল ভিকি কৌশলের জন্মদিন। ৩৮ বছরে পা দিলেন এই বছর অভিনেতা। জন্মদিনের দিন তাঁর বাবা শ্যাম কৌশল, স্ত্রী ক্যাটরিনা কাইফ সহ তাঁর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন। ছেলের জন্মের পর এটা তাঁর প্রথম জন্মদিন। ফলে এই বছরের বার্থডে আরও বিশেষ ছিল তাঁর কাছে। জন্মদিন কাটিয়ে সকলের উদ্দেশ্যে এদিন কী বার্তা দিলেন অভিনেতা? 

রবিবার, ১৭ মে ভিকি কৌশল তাঁর জন্মদিন উদযাপনের একাধিক ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবিতে পিকনিকের আমেজে দেখা গেল তাঁদের পরিবারের সকলকে। সবুজ মাঠের মধ্যে খোশমেজাজে আড্ডা দেন তাঁরা। এর মধ্যে একটি ছবিতে ভিকি কৌশলের পা এবং পাশে রাখা জুতো দেখা যাচ্ছে। ছবিটির সঙ্গে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'এই বছরের জন্মদিনটা সত্যিই বিশেষ ছিল। স্বস্তি এবং ভালবাসায় ভরা। সকলকে ধন্যবাদ এত ভালবাসা দেওয়ার জন্য, এত মিষ্টি মিষ্টি মেসেজ পাঠানোর জন্য। আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।' 

প্রসঙ্গত, ১৬ মে শেষবেলায় ক্যাটরিনা কাইফ তাঁর বেটার হাফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানে একটি কেকের ছবিও দেখা যায় যার উপরে লেখা, 'শুভ জন্মদিন বাবা'। একরত্তি বিহানকে নিয়ে তাঁরা কোনও বাগানে বসে ভিকি কৌশলের জন্মদিন উদযাপন করেন। যদিও বিহানের মুখ দেখাননি তাঁরা। এদিন এই ছবিগুলো পোস্ট করে ক্যাটরিনা লেখেন, ' শুভ জন্মদিন। একই জায়গা, ২ বছর পর। আর সবটা কেমন বদলে গিয়েছে। আজ আমরা তোমার জন্মদিন উদযাপন করছি আমাদের ছোট্ট অ্যাঞ্জেলের সঙ্গে। আমার হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ। বিগত কয়েক বছর ধরে তুমি আমার শক্তি, ভালবাসা এবং ৯৯ শতাংশ সময় ধৈর্যের দেবতা। আচ্ছা ঠিক আছে, চলো, ৯৮ শতাংশ সময়। তুমি যে একজন অসাধারণ মানুষ শুধু সেটার জন্য ভালবাসি না। তুমি আমার সেই অসংখ্য প্রশ্নের জবাব দাও যা তোমায় জিজ্ঞেস করি, এমন জিনিস নিয়েও প্রশ্ন করি যা তুমি জানো না। এআই, ওয়াটার প্রুফিং, মেকআপ, স্বাস্থ্য, ব্যবসা, ইত্যাদি। তোমার জন্মদিনে তাই আরও অতিরিক্ত কিছু মুহূর্তের শুভেচ্ছা জানাচ্ছি এবং ব্ল্যাক কফির জন্য একটু সময়ের। কারণ তুমি ঘুম থেকে উঠলেই আমার প্রশ্ন শুরু হয়ে যাবে।'

প্রসঙ্গত, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ খুব সম্ভবত ২০১৯ সাল থেকে প্রেম করা শুরু করেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে তাঁরা গাঁটছড়া বাঁধেন। ২০২৫ সালের ৭ নভেম্বর ভূমিষ্ট হয় তাঁদের সন্তান বিহান।