বলিউডের ‘পারফেক্ট কাপল’ বললে প্রথমেই নাম আসে ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল-এর। ‘ভিক্যাট’ জুটিকে ঘিরে ভক্তদের উন্মাদনা আজও তুঙ্গে। ২০২১-এ তাঁদের বিয়েও যেন নেটিজেনদের ব্যক্তিগত আনন্দে পরিণত হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁদের রসায়ন, ভালবাসা—সবই যেন ‘গোল সেট’।কিন্তু সেই ‘আদর্শ স্বামী’ ইমেজেই এবার খানিক ধাক্কা। এক বিয়েবাড়ির মঞ্চে দাঁড়িয়ে হালকা মজার ছলে করা মন্তব্যর জেরে এবার
এবার বিতর্কের কেন্দ্রে ভিকি।
সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিকি। মঞ্চে উঠে বরকে উদ্দেশ করে তাঁরই জনপ্রিয় সংলাপ, “হাও ইজ দ্য জোশ?” বলতেই দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবির সেই জনপ্রিয় সংলাপ যেন মুহূর্তে ফিরিয়ে আনে পুরনো আবেগ। কিন্তু এরপরেই আসে সেই মন্তব্য, যা নিয়ে শুরু হয় বিতর্ক। ভিকি মজা করে বলেন—ব্যাচেলরদের ‘জোশ’ সবসময়ই ‘হাই’, কিন্তু বিবাহিতদের ক্ষেত্রে সেটা সময়ের সঙ্গে একটু ‘কমে যায়’। যদিও তিনি সঙ্গে সঙ্গেই হালকা করে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন, তবুও নেটিজেনদের একাংশ বিষয়টি ভালভাবে নেননি।
এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই এই মন্তব্যকে ‘পুরনো, সেকেলে’ এবং ‘পুরুষতান্ত্রিক’ বলে আখ্যা দেন।কিছু নেটিজেন সরাসরি তুলনা টেনে আনেন রণবীর কাপুর এবং রণবীর সিং-এর সঙ্গে। তাঁদের দাবি, একই মন্তব্য যদি এই দুই অভিনেতা করতেন, তাহলে সোশ্যাল মিডিয়া কার্যত ‘আগুনে’ জ্বলত। একজন মন্তব্য করেন, “২০২৬ সালেও কি আমরা এমন ‘ম্যারেজ জোক’ শুনব?” আরেকজনের কটাক্ষ—“ভিকি সবসময়ই এ ধরনের মন্তব্য করে পার পেয়ে যায়!”
উল্লেখ্য, কয়েক মাস আগেই জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন ভিকি ও ক্যাটরিনা। তাঁদের প্রথম সন্তানের নাম রেখেছেন বিহান কৌশল। সেই প্রেক্ষাপটে এই ধরনের মন্তব্য আরও বেশি করে নজরে এসেছে বলেই মনে করছেন অনেকেই।
পেশাগত দিক থেকে ভিকি এখন ব্যস্ত একাধিক বড় প্রজেক্টে। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে সঞ্জয় লীলা বনশালি-র ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা হিসেবে থাকছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর।
তবে এই বিতর্কের পাশাপাশি উঠেছে আরও একটি প্রশ্নও। স্রেফ একটা হালকা মজার মন্তব্য আর তাতেই এমন তোলপাড়! তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে—তারকাদের উচ্চারিত প্রতিটি বাক্য কি এখন আতসকাচের নীচে? না কি তাঁদের নিয়ে দর্শকের প্রত্যাশাই বদলে গেছে?
&t=643s
