চলতি বছরের মাঝামাঝি এবং পুজোতে বক্স অফিসে যথাক্রমে ম্যাজিক দেখিয়েছেন অভিনেতা এবং পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই বছরে নন্দিতা-শিবপ্রসাদ জুটির পরিচালিত দু’টি ছবি ‘আমার বস’ এবং ‘রক্তবীজ ২’ মোটের উপর বেশ ভাল-ই ব্যবসা করেছে বক্স অফিসে। আগামী বছরের শুরুতেই তাঁদের প্রযোজনায় যে মুক্তি পাচ্ছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ নামের একটি ছবি, সে খবরও পুরোনো। এহেন আবহেই আগামী বছরের আরও একটি নতুন ছবির ঘোষণা পরোক্ষভাবে সেরে রাখলেন শিবপ্রসাদ। তাঁকে সঙ্গ দিলেন বর্ষীয়ান অভিনেতা অর্জুন চক্রবর্তী। 

 

খুলেই বলা যাক বিষয়টা। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মানেই সেখানে যেমন দেখা যায় নয়া প্রজন্মের একাধিক বড় তারকা এবং অভিনেতাকে, ঠিক তেমনই সেই ছবিতে থাকেন পুরনো প্রজন্মের দাপুটে অভিনেতা-অভিনেত্রীরাও। এই কম্বিনেশন যে জনতামহলে যথেষ্ট সমাদৃত, তার প্রমাণ একাধিকবার পাওয়া গিয়েছে তাঁদের ছবির বক্স-অফিস কালেকশনেই।  এবার নিজেদের প্রযোজনা সংস্থার আগামী ছবিতে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে! 

 

ফেসবুকে অর্জুনের সঙ্গে একটি নিজস্বী তুলে নিজেই সেকথা জানালেন শিবপ্রসাদ। ছবিতে হুডি-স্কাল ক্যাপে শিবুর পাশে দেখা যাচ্ছে নীলরঙা পুলওভার পরা অর্জুনকে। দু'জনের ঠোঁটেই লেগে রয়েছে স্মিত হাসি।  ছবির সঙ্গে ক্যাপশনে শিবপ্রসাদ লিখলেন, “১৯৯৬ সালে "ঘুম নেই" বলে একটি সিরিয়ালে একসাথে কাজ করেছিলাম। তারপর তিরিশ বছর বাদে আবার ২০২৬ এ একসাথে কাজ করব। সামনের বছরের সবচেয়ে বড় চমক হবে  আমার খুব প্রিয় মানুষ এবং অভিনেতা অর্জুন চক্রবর্তীর কামব্যাক। ‘উইন্ডোজ’ এর সিনেমাতে বহু শিল্পী তাদের সেকেন্ড ইনিংস শুরু করেছেন। আমরা ধন্য অভিনেতা অর্জুন চক্রবর্তী আমাদের সাথে কাজ করতে রাজি হয়েছেন বলে।”

(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল।)

 

 

তবে শিবপ্রসাদের পরিচালিত ছবিতে নাকি তাঁর প্রযোজিত ছবিতে অর্জুন অভিনয় করবেন সেকথা অবশ্য জানাননি দু’জনের কেউই। ঠিক যেমন এখনও পর্যন্ত জানা যায়নি,সেই ছবিতে অর্জুনের সঙ্গে শিবপ্রসাদকেও অভিনয় করতে দেখা যাবে কি না।

 

 

 

 

 


উইন্ডোজের ছবির অন্যতম ট্রেডমার্ক পুরনো প্রজন্মের দাপুটে তারকা আর নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা–অভিনেত্রীদের একসঙ্গে এনে গল্প বলার শক্তি আরও বাড়িয়ে দেওয়া। সেই নিয়মই যেন আবার পালিত হতে চলেছে। দর্শক তাই প্রত্যাশার বোঝা আরও একটু বাড়িয়ে দিলেন।