বলিউডের ‘চকোলেট বয়’ বরুণ ধাওয়ান এই মুহূর্তে কেরিয়ারের অন্যতম সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আগামী ৫ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ওঁর বহুল প্রতীক্ষিত রোমান্টিক-কমেডি ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। কিন্তু সেই ছবির গ্র্যান্ড রিলিজের আগেই বরুণের ঝুলিতে চলে এল আরও এক মস্ত বড় আন্তর্জাতিক চমক! জানা গিয়েছে, বরুণ ধাওয়ানকে একটি বড় বাজেটের হলিউড প্রজেক্টের প্রস্তাব দেওয়া হয়েছে, যা তৈরি হতে চলেছে ‘ইন্টার-প্যারালাল ইউনিভার্স’ বা সমান্তরাল মহাবিশ্বের পটভূমিতে! আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এই ছবিটি প্রযোজনা করতে চলেছেন হলিউডের বিখ্যাত ‘মর্টাল কম্ব্যাট’ ফ্র্যাঞ্চাইজি খ্যাত মার্কিন চলচ্চিত্র প্রযোজক লরেন্স ক্যাসানফ।

 

 

ছবির বিষয়ে এক সূত্রের দাবি, “বরুণকে একটি হলিউড প্রজেক্টের অফার দেওয়া হয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে এই বিষয়ে দু-পক্ষের মধ্যে লাগাতার আলোচনা চলছে। সম্প্রতি বরুণ স্বনামধন্য প্রযোজক লরেন্স ক্যাসানফের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং বর্তমানে তাঁদের কথাবার্তা বেশ এগিয়েছে। যদিও এখনও সমস্ত চুক্তি চূড়ান্ত হওয়া বাকি, তবে সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রজেক্টটি বরুণের কেরিয়ারে একটি ঐতিহাসিক গ্লোবাল টার্নিং পয়েন্ট হতে চলেছে।”

হিন্দি সিনেমায় ‘ইন্টার-প্যারালাল ইউনিভার্স’ এবং হাই-টেক অ্যাকশনের মিশেল সচরাচর দেখা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে হলিউডের অন্যতম সেরা অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির জন্মদাতার হাত ধরে বরুণের এই বিশ্বমঞ্চে পা রাখার সুযোগ— ওঁর কেরিয়ারকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছে সিনে-বিশেষজ্ঞরা।

হলিউডের এই সায়েন্স-ফিকশন অ্যাকশন আলোচনার মাঝেই বক্স অফিসে ঝড় তুলতে তৈরি বরুণের আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। ওঁর বাবা তথা বলিউডের কমেডি কিং ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে বরুণের সাথে স্ক্রিন শেয়ার করবেন দুই গ্ল্যামারাস কুইন— পূজা হেগড়ে এবং ম্রুণাল ঠাকুর।

 

দীর্ঘদিন পর বরুণ ধাওয়ানকে ওঁর চেনা মেজাজের ভরপুর রোমান্স, নিখাদ কমেডি এবং নাচে-গানে ভরপুর লার্জার-দ্যান-লাইফ ছবিতে দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ৫ই জুন প্রেক্ষাগৃহে হাসি আর প্রেমের এই নিখুঁত যুগলবন্দি দেখতে সিনেমা হলগুলো যে হাউসফুল হতে চলেছে, আশা রাখছেন ট্রেড অ্যানালিস্টরা । তবে রুপোলি পর্দায় ধাওয়ান-পুত্রের এই ‘দেশি’ রোমান্স দেখার পাশাপাশি ওঁর আসন্ন ‘বিদেশি’ অ্যাকশন ধামাকার আনুষ্ঠানিক ঘোষণার জন্যও এখন দিন গুনছেন ভক্তরা।