অনীক দত্তের বরুণবাবুর বন্ধু’, ‘ভবিষ্যতের ভূত’-এর মতো বহুল আলোচিত ছবির অন্যতম চিত্র্যনাট্যকার-পরিচালক উৎসব মুখার্জি গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ। ব্যাঙ্কের কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। বাড়ি থেকে দুপুরবেলা ব্যাঙ্কের কাজে যাবার জন্য বেরিয়েছিলেন উৎসব। তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আনন্দপুর থানায় 'মিসিং ডায়রি' করেছেন পরিচালকের স্ত্রী মৌপিয়া ব্যানার্জি।
তিনদিন কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি পরিচালকের। এই বিষয়ে আজকাল ডট ইন-কে মৌপিয়া বলেন, "আমি সবটাই পুলিশের উপরে ছেড়ে দিয়েছি। ওঁরা তদন্ত করছেন, করুক। আমি আশা ছাড়িনি। এখনও পর্যন্ত কোনও বা নতুন তথ্য খোঁজ পাইনি। শুধু মনে বোঝাচ্ছি খারাপ কিছু যেন না হয়। মাথা কাজ করছে না আর।"
মৌপিয়ার কথায়, "কী করব চিন্তা করে? পুলিশের সাহায্য ছাড়া তো কিছুই করতে পারব না। সেদিন দুপুরে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গিয়েছিল আমাদের রান্নারদিদিকে যে বেশি করে ভাত বসাতে, রাতেও ভাত খেত। মাছ কিনে এনেছিল, রান্না করতে বলেছিল আমায়। সেই মাছ এখনও ফ্রিজে পড়ে আছে। উৎসব আসবে বলে অপেক্ষা করছি, রান্না করিনি মাছটা।" কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন মৌপিয়া। নিজেকে একটু সামলে নিয়ে জানান, এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় আর নেই তিনি।
এর আগে আজকাল ডট ইন-কে মৌপিয়া বলেছিলেন, "উৎসবের কাছে যে ফোনটি ছিল, তার নম্বর ট্র্যাক করে জানা গিয়েছে, সেটি শেষ উল্টোডাঙা স্টেশনের কাছে চালু ছিল। তার পরেই বন্ধ হয়ে যায়। তাই রেল পুলিশের তরফেও ফোন এসেছিল। ছবি ও নির্দিষ্ট তথ্য দিয়েছি। আসলে...জানেন তো, ক'টা দিন ধরেই একটু অন্যমনস্ক হয়ে পড়ছিল ও। কিন্তু তার মধ্যেও বেশ কয়েকটি চিত্রনাট্য নিয়ে ঘষামাজা করছিল। আমি তো কিছু বুঝতেই পারছি না। তবে হ্যাঁ, গতকাল ব্যাঙ্ক থেকে ও ৪০,০০০ টাকা তুলেছে। ওর ফোন যেহেতু আমার কাছে, তাই সেখানে সেই বার্তা এসেছে। পাশাপাশি যখন ও ব্যাঙ্কে বেরোচ্ছিল, কাঁধে একটা ব্যাগ ছিল। আজ সকালে লক্ষ্য করলাম ঘরে উৎসবের ল্যাপটপটা নেই! মনে হচ্ছে, ব্যাগে করে ল্যাপটপ নিয়েও বেরিয়েছিল।”
খানিক থেমে মৌপিয়া আরও বলেন, “সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যাটা নিয়েও খানিক জেরবার ছিল। মা-বাবার মৃত্যু নিয়েও মন ভারাক্রান্ত থাকত ওর। কিন্তু তার জন্য কখনও ওকে কোনওরকম ওষুধ খেতে দেখিনি। আমার সত্যিই কোনও ধারণা নেই ও কোথায় গেল...কী যে হয়ে গেল বুঝতে পারছি না। একা হাতেই সামলাচ্ছি, যতদূর ফাঁক না রেখে যা যা করা যায়।”
















