আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
কান নিয়ে বিস্ফোরক উরফি
উরফি জাভেদ প্রায়ই তাঁর ‘অদ্ভুত’ ফ্যাশন নিয়ে নেটপাড়ায় চর্চায় উঠে আসেন। সম্প্রতি কান ফেস্টিভ্যাল নিয়ে একটি চমকপ্রদ তথ্য জানিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, কান ফেস্টিভ্যালে যাওয়ার জন্য তাঁকে একটি এজেন্সি প্রায় ৮০ লক্ষ টাকা দিতে বলেছিল। অর্থাৎ টাকা দিলেই রেড কার্পেটে হাঁটার সুযোগ পেতেন তিনি। কিন্তু উরফি সেই প্রস্তাব মানেননি। তিনি মনে করেন, টাকা দিয়ে এমন সুযোগ কেনা ঠিক নয়। নিজের দেশে যে পরিচিতি ও কাজ আছে, তাতেই তিনি খুশি। তাঁর এই কথায় এখন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়েছে।
'রাম' হিসেবে রণবীরই সেরা, দাবি প্রযোজক নমিত মালহোত্রার
বর্তমানে বলিউডে অন্যতম চর্চিত ছবি 'রামায়ণ'। এই সিনেমায় ‘রাম’-এর ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। আর ছবির প্রযোজক নমিত মালহোত্রা মনে করেন, ‘রাম’-এর ভূমিকায় রণবীরের চেয়ে ভাল আর কেউ হতে পারতেন না। প্রযোজকের মতে, রণবীরের মধ্যে একটা অদ্ভুত শান্তভাব এবং সততা আছে, যা রামের চরিত্রের জন্য খুব দরকার। তিনি মনে করেন, রণবীর তাঁর অভিনয়ের মাধ্যমে এই পবিত্র চরিত্রটিকে পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলবেন। সূত্রের খবর, রাম হওয়ার জন্য রণবীর আমিষ খাবার ও মদ্যপান ছেড়ে দিয়েছেন। তিনি নিয়মিত যোগব্যায়াম করেছেন এবং গলার স্বর ঠিক করার জন্য আলাদা করে ট্রেনিং নিয়েছেন। এই ছবিত রণবীরের পাশাপাশি সীতার চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী এবং রাবণ হিসেবে দেখা যাবে 'কেজিএফ' খ্যাত সুপারস্টার যশ-কে। নমিত মালহোত্রা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, এই সিনেমাটি শুধু ভারত নয়, সারা বিশ্বের দর্শকদের তাক লাগিয়ে দেবে।
মিস ওয়ার্ল্ড থেকে মাতৃত্ব, পুরোনো স্মৃতিতে ভাসলেন প্রিয়াঙ্কা চোপড়া
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি ২০০০ সালে তাঁর 'মিস ওয়ার্ল্ড' হওয়ার সেই ঐতিহাসিক দিন থেকে শুরু করে মা হওয়া পর্যন্ত নিজের জীবনের পুরো সময় তুলে ধরেছেন।প্রিয়াঙ্কা মনে করিয়ে দিয়েছেন সেই সময়ের কথা, যখন মাত্র ১৮ বছর বয়সে তিনি বিশ্বসুন্দরীর মুকুট জিতেছিলেন। সেই মুকুটই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। গত ২০-২২ বছরে প্রিয়াঙ্কা শুধু বলিউড নয়, হলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন। কিন্তু এখন তাঁর পৃথিবী বদলে গিয়েছে। তাঁর ধ্যান-জ্ঞান জুড়ে রয়েছে মেয়ে মালতি মেরি এবং স্বামী নিক জোনাস। অভিনেত্রী কিছু পুরনো এবং নতুন ছবির কোলাজও শেয়ার করেছেন। যেখানে একটি ছবিতে তাঁকে মুকুট মাথায় দেখা যাচ্ছে, আর অন্য ছবিতে দেখা যাচ্ছে, মা হিসেবে মেয়ের সঙ্গে খুনসুটি করতে। প্রিয়াঙ্কা বুঝিয়েছেন, একজন সাধারণ মেয়ে থেকে বিশ্বমঞ্চ জয় এবং তারপর মাতৃত্বের এই দীর্ঘ পথ চলাটা তাঁর কাছে সুন্দরভাবে পালন করেছেন তিনি।















