মোড় ঘোরানো পর্ব আসতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ। সদ্য প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, একটা অর্ধেক তৈরি হওয়া ফ্ল্যাটে আর্যকে নিয়ে আসে অপর্ণা। রাতের অন্ধকারে এরকম একটা জায়গায় কেন তাকে আনা হল আর্য জানতে চাইলে অপর্ণা চুপ করে থাকে। তারপর হঠাৎ আর্যকে প্রশ্ন করে কেন সে রাজনন্দিনীকে মেরে ফেলল? প্রথমে আর্য চমকে ওঠে। তারপর অপর্ণা জানায়, সে-ই রাজনন্দিনী। সে ফিরে এসেছে তার মৃত্যুর প্রতিশোধ নিতে।
আর্যও যেন অপর্ণার মধ্যে রাজনন্দিনীকে দেখতে পায়। রাজনন্দিনী বারবার জানতে চায় কেন তাকে খুন করল আর্য? জবাব দিতে গিয়ে অস্থির হয়ে ওঠে আর্য। সে জানায়, মারা যাওয়ার আগে সে অপর্ণাকে বলে যাচ্ছে, রাজনন্দিনীর খুনি সে নয়। এই কথা বলতে বলতে পিছতে থাকে আর্য। আর পা পিছলে নিচে পড়ে যায় সে। আর্যকে পড়ে যেতে দেখে হুশ ফেরে অপর্ণার। সে এই দৃশ্য দেখে আঁতকে উঠে চিৎকার করে। তাহলে কি সত্যিই মারা যাবে আর্য? রাজনন্দিনীর আসল খুনি কি ধরা পড়বে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?
নতুন প্রোমো দেখে বেশ চিন্তায় অনুরাগীরা। আর্য সিংহ রায়ের এই পরিণতি দেখে চমকে উঠেছেন দর্শক। গল্পের মোড়ে কী হয়, এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, কিছুদিন আগেই আর্যর সামনে রাজনন্দিনীর রূপে ধরা দেয় অপর্ণা। দেখা গিয়েছিল, দোলের দিন কৃষ্ণ পুজোয় মেতে উঠেছে আর্যর বাড়ির সবাই। মন্দিরে ঢুকতেই দেখা যায় রাজনন্দিনীর স্মৃতিফলক রয়েছে। মন্দিরের সাধিকা অপর্ণাকে দেখে জানায়, এতদিন ধরে রাধামাধব তার অপেক্ষায় রয়েছেন। এই কথা শুনেই কেমন যেন মনে হতে থাকে অপর্ণার।
হঠাৎই 'আমি যে তোমার' গানে মন্দিরেই নেচে ওঠে সে। একেবারে উন্মত্তের মতো নাচতে থাকে অপর্ণা। আর্য এসে বাধা দিতে গেলেই সে গলার স্বর তুলে জানান, তাকে যেন আর অপর্ণা নামে না ডাকা হয়, সে রাজনন্দিনী। জানায়, সে ফিরে এসেছে সমস্ত মিথ্যার বিনাস করতে। অপর্ণার চোখমুখ দেখে থমকে যায় আর্য। অবাক হয়ে যায় রাজনন্দিনীর মা-ও। তবে সেই পরিস্থিতি কোনওভাবে সামাল দিলেও এখন যেন আরও জটিল হয়ে উঠেছে। আর্য কি এবার অপর্ণার থেকে চিরতরে দূরে সরে যাবে? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।
যদিও বেশ কয়েকদিন ধরে এই মেগা শেষের গুঞ্জন শুরু হয়েছিল। তবে এই মুহূর্তে সেসব ধামাচাপা পড়ে গিয়েছে। কিন্তু এই প্রোমো দেখে ধারাবাহিকের নিয়তি নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
