অবশেষে পূর্ণতা পেতে চলেছে আয়ুষ্মান ও কুসুমের ভালবাসা। কিন্তু বাধ সাধে ইন্দ্রাণী। সম্প্রতি 'কুসুম'-এর প্রোমোতে দেখা যায়, আয়ুষ্মান ও কুসুমের একটা রোমান্টিক মুহূর্ত ধরা পড়ে যায়। সেই ছবি ছেপে বেরোয় খবরের কাগজে। আর সেটা ইন্দ্রাণীর চোখে পড়তেই রেগে আগুন হয়ে যায় সে। ইন্দ্রাণীকে সাংবাদিকরা কুসুম ও আয়ুষ্মানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই সে জানায় গুজবে কান দিতে নারাজ। সঙ্গে এ-ও জানায়, আয়ুষ্মান তার ছেলে, তাই সে-ই ছেলের জন্য পাত্রী খুঁজে আনবেন। আর মায়ের অমতে কিছু করবে না আয়ুষ্মান। 

মায়ের মুখে এই কথা শুনে চমকে ওঠে আয়ুষ্মান। কুসুমও খুবই আতঙ্কিত হয়ে ওঠে। সে ভাবে, কী করে দেবী মায়ের মন বদলাতে পারবে? কী হবে আগামীতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল, আয়ুষ্মান কুসুমকে সঙ্গে করে একটা জায়গায় নিয়ে এসেছে। অচেনা জায়গা হলেও খুব সুন্দর করে সাজানো দেখে কুসুম জানতে চায় এটা কোথায় এসেছে সে? জবাবে আয়ুষ বলে, একা এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র তারা দু'জন আছে। 

কুসুম দেখে তার চারপাশ ফুল দিয়ে সাজানো। আয়ুষ লাল গোলাপ দিয়ে প্রোপোজ করে তাকে। আকাশে সঙ্গে সঙ্গে আতশবাজিতে লেখা ফুটে ওঠে 'আই লাভ ইউ কুসুম'। আয়ুষ্মানের প্রেম নিবেদনে লজ্জায় লাল হয়ে যায় সে। কিন্তু তাদের ভালবাসার ভবিষ্যৎ কী? ইন্দ্রাণী কি বাড়ির বড়বউ হিসেবে মেনে নেবে কুসুমকে? 

প্রসঙ্গত, কুসুম অনেক আগে থেকেই আয়ুষ্মানকে মন দিয়েছিল। কিন্তু আয়ুষ্মানের কুসুমকে চিনতে একটু দেরি হয়ে গিয়েছিল। কুসুমকে ভালবাসার কথা সে মুখ ফুটে আগে বলতে পারেনি। এদিকে, কুসুমকে ক'দিন ধরে সে বোঝানোর চেষ্টা করছিল যে সে-ই তাকে ভালবাসে। অনেক ভুল বোঝাবুঝি পেরিয়ে অবশেষে একে অপরকে মনের কথা বলল তারা। এবার দু'জনের ভালবাসা বিয়ের পিঁড়িতে পৌঁছনোর আগে কী কী বাধা আসে, আর সেসব কীভাবে জুটিতে মোকাবিলা করে তারা, সেটাই দেখার।