বিরাট চমক আসতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'য়। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছে রায়ানের পিসি পৌষালী তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। পারুল-রায়ানের অফিসের বস অনিরুদ্ধর সঙ্গে বিয়ে হয়েছে তার। খুশির এই মুহূর্তে বাড়ির সবার মন উৎফুল্ল। এর মধ্যেই আরও এক নতুন প্রেম কাহিনি শুরু হতে চলেছে এই পরিবারে। এবার রুক্মিণীর জীবনে মনের মানুষ আসতে চলেছে। রায়ানের দিদি রুক্মিণী ওরফে রুকু। তার বিয়ে হয়েছিল পারুলের দাদা গোপালের সঙ্গে। কিন্তু ক'দিন আগেই গল্পে গোপালের মৃত্যু দেখানো হয়। রুকুর জীবনে হঠাৎ এই ধাক্কা যেন দর্শকের মনে এসেও লেগেছিল। গোপাল মারা যেতে একাই ছিল রুকু। পরিবারের সবাই যতটা সম্ভব তাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছিল। কিন্তু এই শোক কি ভোলা যায় সহজে? তাই রুকু মুখে কিছু না বললেও মন যে তার খারাপ, তা বোঝাই যেত। আনন্দ-অনুষ্ঠান থেকে নিজেকে মাঝেমধ্যেই আড়াল করে রাখত সে।
তবে এবার তার জীবনে আসতে চলেছে নতুন কেউ। যে এসে রুকুকে ভালবাসার নতুন অধ্যায় শেখাবে। আবারও খুশিতে ভরে উঠবে রুকুর জীবন। ইতিমধ্যেই গল্পে দেখানো হয়েছে সেই নতুন চরিত্রের ঝলক। রুকুর মনের মানুষের চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা অনিরুদ্ধ গুপ্তকে। অনিরুদ্ধ টলিপাড়ার পরিচিত মুখ। দর্শক তাঁকে ধারাবাহিকে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এবং বড়পর্দায় দেখেছেন। বিভিন্ন চরিত্রে দর্শকের কাছে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার রুক্মিণীর সঙ্গে তাঁর জুটি কেমন মানায় সেটাই দেখার।
এদিকে, পারুল ও রায়ানের ডিভোর্সের দিন এগিয়ে আসে। দু'জনেই একসঙ্গে আদালতে হাজিরা দেয়। কিন্তু তাদের ডিভোর্স কেস দেখে বিচারক বলে ওঠে তারা তো স্বামী-স্ত্রীর মতো কোনওদিন থাকেনি, তাহলে ডিভোর্স হবে কী করে? আগে ফুলশয্যা, তারপর ডিভোর্স! বিচারকের কথা শুনে তো চক্ষু চড়কগাছ পারুল-রায়ানের। বাড়িতে সেই কথা জানাতেই পারুল-রায়ানের ফুলশয্যার আয়োজন করে সবাই।
এদিকে ফুলশয্যার সাজে পারুলকে দেখে অবাক হয়ে যায় রায়ান। এবার কি নিজের মনের কথা পারুলকে বলে ফেলবে সে? কী হতে চলেছে তাদের ফুলশয্যায়? প্রোমো দেখে তো দারুণ উত্তেজিত দর্শক মহল। তাই আগামী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মেগার অনুরাগীরা। কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে আসল টুইস্ট। পারুল-রায়ানের ফুলশয্যার দিন বেঁকে বসে রায়ানের মা। সে মনে মনে ছক কষে যেভাবেই হোক এবার পারুলকে রায়ানের জীবন থেকে সরিয়ে ফেলতেই হবে। আর সেই ভাবনা মতোই ফুলশয্যার ঘরে ঢুকে পারুলের মুখে একটা পান গুঁজে দেয়। কী রয়েছে ওই পানে? কোন অঘটন ঘটতে চলেছে ফুলশয্যার রাতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
