'পরিণীতা' ধারাবাহিকটির মাঝে ক'দিন টিআরপি নম্বর কমলেও ফের নিজের জায়গা ফিরে পেয়েছে। এর মধ্যেই গল্পকে আরও জমজমাট করতে আসছে নতুন টুইস্ট। এখন অনিরুদ্ধর সঙ্গে রায়ানের পিসি পৌষালীর বিয়ের তোরজোড় চলছে। পৌষালীর গায়ে হলুদের অনুষ্ঠানে মেতে উঠেছে রায়ান ও পারুল। একটু একটু করে রায়ান যে পারুলকে মন দিয়ে ফেলেছে তা বুঝতে পারছে সে। বুঝতে পারলেও নিজের মুখে কিছুই বলতে চায় না রায়ান। পারুলকে ভালবাসার কথা বলা তো কোন ছাড়, সে এখনও পর্যন্ত তাকে একপ্রকার অবহেলা করেই যাচ্ছে।


ক'দিন আগেই অনিরুদ্ধকে ভুল বুঝেছিল রায়ান। ভেবেছিল পারুলের সঙ্গে প্রেম করছে সে। তাই অনিরুদ্ধকে দু'চোখে সহ্য করতে পারত না সে। এদিকে, পরে যখন রায়ান জানতে পারে অনিরুদ্ধ পারুলকে নয় তার পিসিকে ভালবাসে তখন আনন্দে আত্মহারা হয়ে যায় সে‌। এবার পৌষালী ও অনিরুদ্ধর বিয়েতে কী নতুন চমক আসে এই ধারাবাহিকের গল্পে, এখন সেটাই দেখার।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। দেখা যাচ্ছে, পৌষালীর বিয়ের দিন তার কাছে একটা ফোন আসে। ফোনের ওপার থেকে একজন বলে আজ যদি পৌষালী তার কাছে না আসে, তাকে বিয়ে না করে তাহলে সে নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবে। এই কথা শুনে ভয় পেয়ে যায় পৌষালী। সে তড়িঘড়ি ছুটে যায় ওই লোকটার কাছে। আসলে এইসব শিরিনের ষড়যন্ত্র। পৌষালীর বিয়ে ভেস্তে দেওয়ার জন্যই এই কাণ্ড করেছে সে। 


তবে এই খবর পৌঁছে যায় পারুলের কানেও। পারুল বুঝতে পারে পৌষালীকে ফাঁসানো হয়েছে। তড়িঘড়ি পারুল, রায়ানকে সঙ্গে নিয়ে চলে যায় পৌষালীর কাছে। কিন্তু ততক্ষণে সে মন্দিরে বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাহলে কি অনিরুদ্ধর সঙ্গে বিয়েটা ভেস্তে যাবে পৌষালীর? নাকি পারুল-রায়ান এই বিপদের হাত থেকে তাকে উদ্ধার করে আনতে পারবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। ইতিমধ্যেই এই নতুন প্রোমো দেখে তুমুল উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার সম্প্রচারিত হবে 'পরিণীতা'র এই বিশেষ পর্ব।