টানটান উত্তেজনাপূর্ণ পর্ব আসছে জি বাংলার ধারাবাহিক 'কুসুম'-এ। দেখা যাচ্ছে, কুসুম এবার মেঘার পর্দা ফাঁস করবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে আয়ুষের সঙ্গে মেঘার বিয়ে হচ্ছে। বিয়ের বাসরে মেঘাকে কুসুম চমকে দেয়। দেবলীনার মাকে সে নিয়ে আসে বিয়ের মণ্ডপে। দেবলীনার মা মেঘার মাসি, তাই চমকে ওঠে মেঘা। মেঘার কীর্তি ফাঁস হচ্ছে দেখে তড়িঘড়ি কুসুমকে শায়েস্তা করতে যায় সে। 

বন্দুক তাক করে মেঘা কুসুমের দিকে। কুসুমের ক্ষতির আশঙ্কা করে ইন্দ্রাণী মেঘার হাত থেকে বন্দুক কেড়ে নেয়, আর তার দিকে তাক করে। মেঘা তাতে বেশ চমকে যায়। কিন্তু মেঘাকে অন্য একজন গুলি করে দেয়। আর মেঘাকে গুলি করার অপরাধ এসে পড়ে ইন্দ্রাণীর কাঁধে। কিন্তু ইন্দ্রাণী গুলি করেনি মেঘাকে। পরে দেখা যায়, দেবলীনাই ছদ্মবেশে, আড়াল থেকে নিজের দিদি মেঘাকে গুলি করে। কুসুম ও ইন্দ্রাণীকে ফাঁসানোর জন্য এই কাণ্ড করেছে দেবলীনা। কুসুম আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনায়। কিন্তু সে মনে মনে শপথ নেয়, দেবী মা অর্থাৎ ইন্দ্রাণীকে সে এই মিথ্যে অপবাদ থেকে ঠিক উদ্ধার করবে। 

'কুসুম'-এ বেশ কিছুদিন আগে খলনায়িকার চরিত্রে এন্ট্রি নিয়েছিলেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। তাঁকে দেখা যাচ্ছে 'মেঘা'র চরিত্রে। দেবলীনার বোন মেঘা ছদ্মবেশে ঢুকে পড়েছিল গাঙ্গুলি বাড়িতে। ধীরে ধীরে ইন্দ্রাণীর মন জয় করে মেঘা। মেঘাকে এতটাই পছন্দ হয় যে আয়ুষের সঙ্গে তার বিয়ে ঠিক করে ইন্দ্রাণী। কিন্তু কুসুম ধরে ফেলে মেঘার ষড়যন্ত্র। এরপর চলে টানটান উত্তেজনাপূর্ণ সব পর্ব। 

কিন্তু এখন জানা যাচ্ছে, ধারাবাহিকে আর দেখা যাবে না মেঘাকে। মেঘার চরিত্রের মেয়াদ নাকি এবার ফুরিয়ে এসেছে। সমাজমাধ্যমে এই খবর নিজেই ভাগ করে নিয়েছেন আয়েন্দ্রী। সঙ্গে জুড়েছেন 'মেঘা'র চরিত্রের কিছু ঝলক। ওই পোস্টে আয়েন্দ্রী জানিয়েছেন এই ধারাবাহিকে এই চরিত্রে কাজ করাটা তাঁর খুব কাছের। কিন্তু আর মাত্র কিছুদিন, তারপরেই 'কুসুম'-এ আর দেখা যাবে না মেঘাকে। 

কিন্তু হঠাৎ কেন শেষ হয়ে যাচ্ছে তাঁর চরিত্রটি? আজকাল ডট ইন-কে আয়েন্দ্রী জানান, চরিত্রের মেয়াদ নাকি এইটুকুই ছিল। গল্পের মোড়ে এই চরিত্রকে আর দেখবেন না দর্শক। অভিনেত্রী জানান, আবার নতুন কোনও গল্পে, নতুন কোনও চরিত্রে ধরা দেবেন আয়েন্দ্রী।