জি বাংলার ধারাবাহিক 'কুসুম'-এ আসছে নতুন মোড়। মেঘা ও দেবলীনার চক্রান্তে মৃত্যু মুখে পড়েছিল কুসুম‌। কিন্তু ভাগ্যের জোরে প্রাণে বেঁচে ফিরেছে সে। তবে এখন হাসপাতালে ভর্তি কুসুম। সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে তার। এদিকে, ইন্দ্রাণী ঠিক করে কুসুমের উপর হওয়া এই চক্রান্তের প্রতিশোধ সে নেবেই। এই মেগার আগামী পর্বে দেখা যেতে চলেছে কুসুমকে হাসপাতালে দেখতে আসে আয়ুষ্মান। কুসুমকে এই অবস্থায় দেখে খুব খারাপ লাগে তার। এবার কি কুসুমকে যে সে ভালবাসে, তা বুঝতে পারবে? নাকি আবারও বন্ধুত্বের বাউন্ডারিতে আটকে যাবে দু'জনের সম্পর্ক?

কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল, কুসুম, আয়ুষ্মান ও ইন্দ্রাণী আয়োজন করেছে নেড়া পোড়ার। দোলের আগের দিন উৎসবের আমেজে মেতে উঠেছে বাড়ির সবাই। এর মধ্যেই মেঘা ও দেবলীনা ছক কষে কুসুমকে মেরে ফেলার। তাই গঙ্গা জলের জার সরিয়ে অন্য জায়গায় রেখে দেয়। 

ইন্দ্রাণী যখন কুসুমকে গঙ্গা জল আনতে বলে স্বাভাবিকভাবেই কুসুম অবাক হয়। অন্য জায়গায় জার খুঁজে পেতেই তার মনে সন্দেহ হতে থাকে। কিন্তু বেশিকিছু না ভেবে সে তাড়াতাড়ি জার নিয়ে এগোতে যায়। আর তখনই দেবলীনা আগুন জ্বালিয়ে দেয়। আগুনের বলয়ের মাঝে ভয়ে চিৎকার করে ওঠে কুসুম। আয়ুষ্মান ও ইন্দ্রাণীর নাম ধরে ডাকতে থাকে সে। কিন্তু উৎসবের আমেজে কুসুমের ডাক কি কানে পৌঁছবে তাদের? আয়ুষ্মান কি পারবে কুসুমকে বিপদ থেকে উদ্ধার করতে?  

এদিকে, ক'দিন আগেই ধারাবাহিকে দেখা যায় মেঘার আসল রূপ ধরে ফেলে কুসুম। সে বুঝতে পারে মেগা গাঙ্গুলি বাড়ির ক্ষতিই চায়। কিন্তু ইন্দ্রাণীকে মুখ ফুটে কিছু বলার সাহস পায় না সে। কুসুমের এই পরিণতির ফলে কি ইন্দ্রাণীর চোখে পড়বে মেঘা ও দেবলীনার ষড়যন্ত্র? 

আগামী ৯ মার্চ থেকে সন্ধে সাতটার বদলে সন্ধে ছটায় দেখা যাবে 'বেশ করেছি প্রেম করেছি'। এতদিন এই সময় 'কুসুম' দেখতেন দর্শক মহল। তাহলে কি শেষ হচ্ছে 'কুসুম'? জানা যাচ্ছে শেষ নয়, এবার বদলে যাচ্ছে তার সময়ও। 'বেশ করেছি প্রেম করেছি'র স্লটে অর্থাৎ সন্ধে সাতটায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। কিন্তু কেন এই ওলটপালট? আসলে আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। তাই নতুন স্লটেরও প্রয়োজন।‌ সেই জন্য তড়িঘড়ি বদল হল দুই মেগার সম্প্রচারের সময়।