জি বাংলার ধারাবাহিক 'কুসুম'-এ আসছে ধুন্ধুমার পর্ব। এবার মেঘার চক্রান্তে ভরা লোকালয়ে অপমানিত কুসুম। সদ্য প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, কুসুম আয়ুষ্মানকে ফোন করে বলে ব্যবসার যে কনফারেন্সে সে গিয়েছে সেখানে যেন উল্টোপাল্টা কিছু না খায়। আয়ুষের সঙ্গে কথা বলতে বলতেই কুসুমকে রাস্তায় ঘিরে ধরে একদল গুণ্ডা। 


তারা কুসুমকে দেখে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে কটাক্ষ করতে থাকে। কুসুমের হাত ধরে টানাটানিও শুরু করতে থাকে। তখন কুসুম চিৎকারে ওঠে। কিন্তু ওই গুণ্ডাদের দল কুসুমের মুখে কালি ছিটিয়ে দেয়। কুসুম রাস্তায় বসে কাঁদতে থাকে‌। তার এই অবস্থা দেখে মেঘা হাসতে থাকে। মেঘা আড়ালে বলে, এভাবেই কুসুমকে বিভিন্ন সময়ে বিপদে ফেলবে সে। তাই যেন প্রস্তুত থাকে কুসুম। এই অবস্থায় কুসুমকে উদ্ধার করবে কে? সে কি অপমানের জবাব দিতে পারবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।


জমে উঠেছে জি বাংলার ধারাবাহিক 'কুসুম'-এর গল্প। ইতিমধ্যেই মেঘার আসল রূপ সবার সামনে এসেছে। মেঘার সঙ্গে যে দেবলীনার যোগসূত্র রয়েছে তা এতদিনে পরিস্কার দর্শকের কাছে। কিন্তু মেঘাকে এখনও পর্যন্ত চিনতে পারেনি আয়ুষ্মানের পরিবার। তবে কুসুম তার আচরণ দেখে একটু একটু সন্দেহ করতে শুরু করেছে। এদিকে, মেঘার আসল লক্ষ্য কুসুম ও আয়ুষকে একসঙ্গে শেষ করে দেওয়া। তাই সে ছক কষতে থাকে।

ইন্দ্রাণী গাঙ্গুলির মন জয় সে করে ফেলেছে। বড়ছেলে আয়ুষের স্ত্রী হিসেবে ইন্দ্রাণী পছন্দ করেছেন মেঘাকে। আর সেই সুযোগেই আয়ুষের কাছাকাছি এসেছে মেঘা। সেটা কুসুমকে যেন আরও কষ্ট দিচ্ছে। কুসুমের এই মন খারাপ একটুও নজর এড়ায়নি মেঘার। সে তাই আরও বেশি করে কুসুমকে বিপদে ফেলতে চায়। 

 

এদিকে, জোড়া ষড়যন্ত্রের শিকার হতে চলেছে নায়িকা। একদিকে দেবলীনা তো আছেই। সে জেল থেকে বেরিয়ে এবার প্রতিশোধ নেবে কুসুমের উপর। খলনায়িকার মুখোমুখি হতে হবে তাকে। যদিও কোন বিপদে ফেলবে দেবলীনা কুসুমকে সেটা প্রোমোতে প্রকাশ্যে আনা হয়নি। অন্যদিকে রয়েছে মেঘা। দেবলীনার সঙ্গে মুখোমুখি টক্করে কুসুম যখন বিপর্যস্ত, সেই সময়ই ষড়যন্ত্রের বিরাট চাল চালবে মেঘা। সে কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরানোর তোড়জোড় শুরু করবে। এই জোড়া ষড়যন্ত্রের মোকাবিলা কীভাবে করবে কুসুম সেটাই দেখার। এই ক্ষেত্রে আয়ুষ্মান কি সাহায্য করবে তাকে, নাকি একাই এই কঠিন লড়াই লড়বে নায়িকা সেটার উত্তর আগামী দিনে পাওয়া যাবে।