বিরাট চমক জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'তে। এমনই লাজুকে নিয়ে ফের অশান্তি শুরু হয়েছে অনুভবের বাড়িতে। কলেজে পড়া নিয়েও কম কথা শুনতে হয়নি লাজুকে। কিন্তু গ্রামে শ্বশুরবাড়ির সঙ্গে যুক্তিতর্কের খেলায় জিতে গিয়েছে সে। শহরে এসে মেডিকেল কলেজে ভর্তি হলেও থাকার জন্য হস্টেলের জোগাড় হয়নি। তাই বাধ্য হয়ে অনুভবের বাড়িতেই আশ্রয় নিয়েছে সে। কিন্তু লাজুর আবারও ফিরে আসাটা কিছুতেই মেনে নিতে পারেনি বনলতা। কিন্তু বনলতাকে স্ত্রীর মর্যাদা দেয়নি অনুভব। তাই বনলতার খারাপ লাগাটা চোখেই পড়ছে না তার।
এর মধ্যেই বনলতার জীবন তছনছ করতে ফিরে এসেছে তার প্রাক্তন প্রেমিক ময়ূখ। বারবার বনলতাকে হুমকি দিয়ে টাকা দেওয়ার জন্য বাধ্য করতে থাকে সে। এসবের মাঝে দিব্যি কলেজ চলছে লাজুর। কিন্তু বিপদ ঘনিয়ে এল ভালবাসা দিবসে। যদিও ক্যালেন্ডার অনুযায়ী ভ্যালেন্টাইনস ডে পেরিয়ে গিয়েছে, তবে ধারাবাহিকের গল্পে এখন সেই বিশেষ দিন আসতে বাকি। তাই গল্প এগোচ্ছে সেই নিয়েই।
সদ্য প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, ভ্যালেন্টাইনস ডে'তে লাজুর জন্য একটা উপহার আনে অনুভব। কিন্তু বনলতা সেটা বুঝতে পেরে হাতিয়ে নেয়। বাড়ির সবার সামনে লাজুকেই সে দেখায় উপহারটা। জানায় ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অনুভব তাকে এটা দিয়েছে। এদিকে, লাজু নিজের ঘর পরিস্কার করতে গিয়ে দেখে বালিশের নিচে রাখা একটা উপহার। সে আনন্দে আত্মহারা হয়ে যায়। ভাবে সুদেব এসে তাকে লুকিয়ে উপহার দিয়ে গিয়েছে। সে উত্তেজিত হয়ে বাড়ির সবার কাছে এসে জানতে চায় সুদেব এই বাড়িতে এসেছে কিনা। কিন্তু জবাবে সবাই 'না' বলে। তাহলে এই উপহার কে দিল তাকে? ভাবতে থাকে লাজু। বনলতা কিন্তু সবটা বুঝতে পারে অনুভবের চোখ দেখেই। এদিকে অনুভব লাজুকে আড়ালে টেনে নিয়ে গিয়ে অভিমানের স্বরে জিজ্ঞেস করে বরের থেকে উপহার পাওয়ার খুব ইচ্ছে লাজুর? এর জবাব লাজু দিতে পারে না।
ভ্যালেন্টাইনস ডে'তেই কি একে অপরের ভালবাসা মর্যাদা পাবে? লাজু কি অনুভবকে মনের কথা বলতে পারবে? আর বনলতা? তার কী হবে? নিজের বরকে অন্যের সঙ্গে দেখে সে তো কিছুতেই সহ্য করতে পারছে না। অন্যদিকে সহজ-সরল সুদেবও এসব জটিলতার টের পায়নি।
গল্পের চার নায়ক-নায়িকার জীবনই এখন দোলাচলে। কী হবে শেষমেশ? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা। 'কনে দেখা আলো' নিয়ে নেটপাড়ায় চর্চা চললেও এখনও পর্যন্ত সেভাবে টিআরপি তালিকায় জায়গা করতে পারেনি এই ধারাবাহিক। তবে গল্পের নতুন মোড়ে কী হয়, এখন সেটাই দেখার।
