চার ঘণ্টার দীর্ঘ ও জটিল অস্ত্রোপচারের পর আপাতত স্বস্তির খবর মিলেছে। মস্তিষ্কে ধরা পড়া টিউমার অপসারণের অস্ত্রোপচার সফল হয়েছে জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী তানিয়া বৃষ্টির। তবে চিকিৎসকেরা এখনও সতর্ক কারণ অস্ত্রোপচারের পরেও ঝুঁকি পুরোপুরি কাটেনি, সামনে রয়েছে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের সময়।
পরিচালক ইমরাউল রাফাত চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হলেও এখনই নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি। অস্ত্রোপচারের পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়টায় অভিনেত্রীর শারীরিক অবস্থার ওপরই নির্ভর করবে পরবর্তী চিকিৎসা-পরিকল্পনা।
পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, চিকিৎসকেরা সম্ভাব্য জটিলতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। তাই আপাতত তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সঙ্গে অনুরোধ করা হয়েছে, অপ্রয়োজনীয় ভিড় বা ফোন থেকে দূরে থাকতে, যাতে চিকিৎসা ও বিশ্রামের পরিবেশ বজায় থাকে।

কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। কখনও তীব্র মাথাব্যথা, কখনও জ্বর বা ঠান্ডাজনিত উপসর্গ -প্রথমে সাধারণ অসুস্থতা বলেই মনে হয়েছিল। কিন্তু একাধিক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর সামনে আসে গুরুতর সত্যি। মস্তিষ্কে টিউমারে আক্রান্ত বৃষ্টি। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন, কারণ দেরি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত।
এই পরিস্থিতির মধ্যেই শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফ্যান পেজে পোস্ট করে তানিয়া নিজেই অস্ত্রোপচারের কথা জানান এবং সবার কাছে দোয়া চান। সেই পোস্ট ঘিরে স্বভাবতই ভক্তমহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।এর আগে পরিচালক শাকাল আহমেদ বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, চিকিৎসকেরা কোনও ঝুঁকি নিতে চাননি বলেই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়েই অস্ত্রোপচার শুরু হয় এবং কয়েক ঘণ্টার চেষ্টার পর চিকিৎসকেরা টিউমার অপসারণে সফল হন।
&t=313s
এখন লড়াইটা অস্ত্রোপচার টেবিলের নয়, সুস্থ হয়ে ওঠার পথে। চিকিৎসকেরা বলছেন, পরবর্তী কয়েকদিনই ঠিক করে দেবে তাঁর শারীরিক পুনরুদ্ধারের গতি।অভিনেত্রীর সহকর্মী, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা এখন একটাই প্রার্থনা করছেন ঝুঁকির সময়টা যেন দ্রুত কাটে আর খুব শিগগিরই ক্যামেরার সামনে যেন ফিরে আস্তে পারেন মোশররফ করিমের একাধিক ছবির এই অভিনেত্রী।
