দোলের আবহে বিরাট চমক আসছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ। এবার আর্যর সামনে রাজনন্দিনীর রূপে ধরা দেবে অপর্ণা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, দোলের দিন কৃষ্ণ পুজোয় মেতে উঠেছে আর্যর বাড়ির সবাই‌। মন্দিরে ঢুকতেই দেখা যায় রাজনন্দিনীর স্মৃতিফলক রয়েছে। মন্দিরের সাধিকা অপর্ণাকে দেখে জানায়, এতদিন ধরে রাধামাধব তার অপেক্ষায় রয়েছেন। এই কথা শুনেই কেমন যেন মনে হতে থাকে অপর্ণার। 

হঠাৎই 'আমি যে তোমার' গানে মন্দিরেই নেচে ওঠে সে। একেবারে উন্মত্তের মতো নাচতে থাকে অপর্ণা। আর্য এসে বাধা দিতে গেলেই সে গলার স্বর তুলে জানান, তাকে যেন আর অপর্ণা নামে না ডাকা হয়, সে রাজনন্দিনী। জানায়, সে ফিরে এসেছে সমস্ত মিথ্যার বিনাস করতে। অপর্ণার চোখমুখ দেখে থমকে যায় আর্য। অবাক হয়ে যায় রাজনন্দিনীর মা-ও। তবে কি পূর্বজন্মের সব স্মৃতি ফিরে এল অপর্ণার? এবার কি আর্যর সত্যিটা সবার সামনে আসবে? রাজনন্দিনীর আসল খুনি কে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।


প্রসঙ্গত, কিছুদিন আগেই আর্য-অপর্ণার জীবনে আবারও ঝড় উঠেছিল। ইতিমধ্যেই গল্পে দেখানো হয়েছে আর্য-অপর্ণার জীবনে হাজির হয়েছে এক তৃতীয় ব্যক্তি। এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী নবনীতা মালাকারকে। নবনীতার চরিত্রটি এতদিন আর্য-অপর্ণার বিপদে পাশে দাঁড়ালেও আসলে সে আর্যকে ফাঁসানোর চক্রান্ত করছে। তার এই চাল এবার ধরে ফেলবে অপর্ণা। গল্পে দেখা গিয়েছিল অপর্ণা, নবনীতার চরিত্রকে বলছে সে কে, আর লক্ষ্য কী? সব সত্যিটা জানাতে। কিন্তু এত সহজে কি আর সত্যি জানা যায়? তাই নানাভাবে ছলচাতুরী করতে থাকেন নবনীতা। এদিকে অপর্ণা হাতে বন্দুক তুলে নেয়। সরাসরি তাক করে নবনীতার চরিত্রের দিকে। ব্যস! সেও বলতে শুরু করে, রাজনন্দিনীর আসল খুনি আর্য সিংহ রায়। তাই আর্যকে শাস্তি দিতে সে ফিরে এসেছে। অপর্ণা যখন জানতে চায়, তার সঙ্গে আর্যর কী সম্পর্ক, সে জানায় রক্তের সম্পর্ক! অপর্ণা অবাক হয়ে জানতে চায়, কীভাবে? সে জানায় সেই উত্তর অপর্ণাকেই খুঁজে বের করতে হবে। কী করে এই রহস্যের সমাধান করবে অপর্ণা? কে এই মহিলা? টানটান উত্তেজনাপূর্ণ পর্ব দেখার জন্য এখন অপেক্ষায় দর্শক।