মোড় ঘোরানো পর্ব আসতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ। এবার আর্য-অপর্ণার জীবনে বিরাট ঝড় উঠতে চলেছে। ইতিমধ্যেই গল্পে দেখানো হয়েছে আর্য-অপর্ণার জীবনে হাজির হয়েছে এক তৃতীয় ব্যক্তি। এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী নবনীতা মালাকারকে। নবনীতার চরিত্রটি এতদিন আর্য-অপর্ণার বিপদে পাশে দাঁড়ালেও আসলে সে আর্যকে ফাঁসানোর চক্রান্ত করছে। তার এই চাল এবার ধরে ফেলবে অপর্ণা। 

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। দেখা যাচ্ছে অপর্ণা, নবনীতার চরিত্রকে বলছে সে কে, আর লক্ষ্য কী? সব সত্যিটা জানাতে। কিন্তু এত সহজে কি আর সত্যি জানা যায়? তাই নানাভাবে ছলচাতুরী করতে থাকেন নবনীতা। এদিকে অপর্ণা হাতে বন্দুক তুলে নেয়। সরাসরি তাক করে নবনীতার চরিত্রের দিকে। ব্যস! সেও বলতে শুরু করে, রাজনন্দিনীর আসল খুনি আর্য সিংহ রায়। তাই আর্যকে শাস্তি দিতে সে ফিরে এসেছে। অপর্ণা যখন জানতে চায়, তার সঙ্গে আর্যর কী সম্পর্ক, সে জানায় রক্তের সম্পর্ক! অপর্ণা অবাক হয়ে জানতে চায়, কীভাবে? সে জানায় সেই উত্তর অপর্ণাকেই খুঁজে বের করতে হবে। কী করে এই রহস্যের সমাধান করবে অপর্ণা? কে এই মহিলা? টানটান উত্তেজনাপূর্ণ পর্ব দেখার জন্য এখন অপেক্ষায় দর্শক।

প্রসঙ্গত, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনীর চরিত্রের আভাস দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল সেই চরিত্রের বিষয় এবার দর্শক জানতে পারবে। এমনকী পায়েল দের কয়েক ঝলক দেখাও গিয়েছে রাজনন্দিনী হিসেবে। কিন্তু সেই চরিত্রের উপর থেকে পর্দা ওঠার আগে এন্ট্রি নিয়েছে নতুন চরিত্র।

কিছুদিন আগেই দেখা গিয়েছিল পুলিশের লকআপে বন্দি অপর্ণা। বরকে দেখে হাউহাউ করে কাঁদতে থাকে সে। স্ত্রীকে আশ্বস্ত করে আর্য। পুলিশকে জানায় সে অপর্ণাকে ছাড়াতে এসেছে। সেটা শুনেই পুলিশের তরফে সটান জানিয়ে দেওয়া হয় অপর্ণা যা করেছে তাতে ওর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা জারি করা হয়েছে। ফলে জামিন পাবে না নায়িকা। আর সেই সময়ই এন্ট্রি নেয় গল্পের এই নতুন চরিত্র। দেখা যায় এক আইনজীবী আসে। জানায় সে অপর্ণাকে ছাড়িয়ে নিয়ে যাবে এখান থেকে। আসলে যে আর্যর কাছাকাছি যেতে চায়, তার বিশ্বাস ভরসা অর্জন করতে চায়। আর সেটার জন্যই পুলিশের লকআপ থেকে অপর্ণাকে বের হতে সাহায্য করবে। এভাবেই উপকার ভেবে অজান্তেই আর্য এবং অপর্ণা শত্রুর ফাঁদে জড়িয়ে নতুন বিপদে পড়ল। 


নবনীতা মালাকার ছোটপর্দার অতি পরিচিত মুখ। প্রসঙ্গত, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি বরাবরের মতো গত সপ্তাহেও টিআরপি তালিকায় সেরা ১০ এ নিজের জায়গা ধরে রেখেছে। এটি রোজ সন্ধে সাড়ে ছ'টা থেকে সম্প্রচারিত হয়।