তামিলনাড়ুর নির্বাচনী আবহে আজ সবথেকে বেশি চর্চায় উঠে এলেন অভিনেতা বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণণন। বিজয় তাঁর নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজগম’ -এর মাধ্যমে নির্বাচনী ময়দানে নামছেন। এমন এক গুরুত্বপূর্ণ দিনে তৃষার একটি ইনস্টাগ্রাম পোস্ট সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘কোড ওয়ার্ড’ হিসেবে ছড়িয়ে পড়েছে।
আজ তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। একদিকে অভিনেতা বিজয়ের নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজগম’ (টি ভি কে)-এর ভবিষ্যৎ নির্ধারণের দিন, অন্যদিকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী তৃষা কৃষ্ণণনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তোলপাড় নেটপাড়া। ভোট দিয়ে বেরিয়ে তৃষা যা করলেন, তাতে বিজয়-ভক্তরা মনে করছেন—তিনি পরোক্ষভাবে তাঁর সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন।
ইনস্টাগ্রামে তৃষা নিজের ভোট দেওয়ার ছবি পোস্ট করেছেন। আঙুলে ভোটের কালি, মুখে হাসি—সবই স্বাভাবিক ছিল। কিন্তু তিনি আবহেযে গানটি বেছে নিয়েছেন, তাতেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। ২০০৪ সালের হিট ছবি ‘ঘিল্লি’ -র গান ‘অর্জুনার ভিল্লু’ বাজিয়েছেন তিনি। আর সেই গানের যে বিশেষ অংশটি তিনি ব্যবহার করেছেন, তাতে রয়েছে জোরদার ‘হুইসেল’ বা বাঁশির শব্দ—যা বিজয়ের দলের নির্বাচনী প্রতীক।
গান এবং হুইসেলের সংকেত বুঝতে বিজয়-ভক্তদের মোটেই দেরি হয়নি। কমেন্ট বক্সে ঝড় উঠেছে। একজন লিখেছেন, “কোড ওয়ার্ড অ্যাকসেপ্টেড!” আর একজন সরাসরি লিখেছেন, “বিজিএম শুনেই বোঝা যাচ্ছে কাকে ভোট দিয়েছেন।” অনেকে আবার তৃষাকে ‘অন্নি’ (তামিল ভাষায় বৌদি) বলে সম্বোধন করছেন। কেউ কেউ তো লিখছেন, “তৃষাভেট্রি কাজগম!” কমেন্ট বক্স ভরে গেছে বিজয়ের বিভিন্ন ‘জিআইএফ’ (GIF)-এ।















