দুর্গাপ্রসাদ হয়ে শীঘ্রই বড়পর্দায় আসতে চলেছেন টোটা রায়চৌধুরী। তার আগে পথিকৃত বসু পরিচালিত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির বিষয়ে আড্ডা দেওয়ার মাঝে কথা বললেন সিজেপি আন্দোলন নিয়ে। কেন তিনি কখনও কোনও বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান না, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়।
এদিন সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া না জানানোর কারণ প্রকাশ্যে এনে আজকাল ডট ইনকে টোটা রায়চৌধুরী বলেন, "না, সিজেপি নিয়ে চুপ করে থাকিনি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো সম্পূর্ণ চিত্রটি না জেনে প্রতিক্রিয়া দেওয়াটা আমি মূর্খামি মনে করি। আমি ছোটবেলা থেকে যে শিক্ষাটা পেয়েছি, সেটা হচ্ছে কিছু বলার আগে, বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু বলার আগে সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে আমাকে জানতে হবে। অর্ধেক জেনে বা অন্যরা যেহেতু প্রতিক্রিয়া দিচ্ছে, তাই আমাকেও প্রতিক্রিয়া দিতে হবে আগবাড়িয়ে এই বোকামিটা আমি কোনও দিন করিনি। আজ পর্যন্ত কেউ দেখেনি যে আমি কোনও প্রতিক্রিয়া দিয়েছি। এবং যেচে প্রতিক্রিয়া আমি দিতে যাই না।"
তিনি এদিন আরও বলেন, "সোশ্যাল মিডিয়াতে আমি আমার কাজের খবর পোস্ট করি। কিন্তু কেউ যদি আমায় প্রশ্ন করেন, তখন আমি আমার প্রতিক্রিয়া জানাই। এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ, যে আগে আমায় বিষয়টিকে জানতে হয়েছে যে বিষয়টা আসলে কী। এর একটা ইতিহাস আছে। সেই ইতিহাস না জেনে হঠাৎ করে একটা বলা, এবং যাঁরা যাঁরা কুশীলব এই মঞ্চে তাদের সম্পর্কে সম্পূর্ণ না হলেও, ৮০% জ্ঞান না রেখে মুখ খোলাটা আমি মনে করি বিচক্ষণতার পরিচয় দেওয়া হল না।"
প্রসঙ্গত, 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিতে অন্তত সিংয়ের ভূমিকায় দেখা যাবে জিৎকে। নন্দী মুভি প্রযোজিত ছবিটি চলতি বছরের স্বাধীনতা দিবসে ঠিক মুখে ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে। এই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী।
















