শীঘ্রই বড়পর্দায় আসতে চলেছে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। জিৎ অভিনীত অন্তত সিংয়ের এই বায়োপিকে দুর্গাপ্রসাদের ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। ছবি মুক্তির আগে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবি সহ টলিউড, ধারাবাহিকে ফেরা, ইত্যাদি বিষয়ে আজকাল ডট ইনের সঙ্গে আড্ডা জমালেন অভিনেতা।
বর্তমান ট্রেন্ড মেনে আবারও কি ধারাবাহিকে ফিরবেন টোটা রায়চৌধুরী? প্রশ্ন শুনেই অভিনেতা বলেন, "ধারাবাহিকে আমার ফেরার ইচ্ছে আছে। কিন্তু সময় বের করতে পারছি না। ধারাবাহিক নিয়ে অনেকে নাক সিটকায়, কিন্তু এটি আমার অত্যন্ত প্রিয় একটি মাধ্যম। কারণ ধারাবাহিক যদি সঠিক ভাবে, সেই ভক্তি শ্রদ্ধা দিয়ে করা যায়, তাহলে সেটা কিন্তু দুর্দান্ত হয়।'' তিনি এদিন আরও বলেন, "অনেককে দেখি, তাঁরা ধারাবাহিকে কাজ করেন 'ও আচ্ছা, ঠিক আছে' এমন একটা ভাব নিয়ে। কেন? সিরিয়ালের হাত ধরে কত লোকের কাছে পৌঁছানো যায় সেটা তো আমি আমার জীবনে দেখেছি, শ্রীময়ী করে।" প্রসঙ্গত, টোটা রায়চৌধুরী শ্রীময়ী ধারাবাহিক করে দারুণ নজর কেড়েছিলেন। সকলের কাছে তখন তিনি রোহিত সেন হয়ে উঠেছিলেন। নায়িকার বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
তবে টোটা রায়চৌধুরী এদিন এও স্পষ্ট করে দেন তাঁর হাতে এত ছবির কাজ যে ধারাবাহিকে এখনই ফিরতে পারবেন না। অভিনেতা এই বিষয়ে বলেন, "ঈশ্বরের আশীর্বাদে এখন পরপর কাজ আছে। আমি শুধু কলকাতার কথা বলছি। মুম্বই তো আলাদা। এখন এমন হয়ে গিয়েছে, মুম্বইকে সময় দিতে পারছি না। ওখান থেকে আমার ম্যানেজার বারবার বলছে কী ব্যাপার, আপনি কি আর আসবেন না এখানে? আমি এই কাজে জোয়ার আমার ৩০ বছরের কেরিয়ারে দেখিনি।"
প্রসঙ্গত, 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিতে অন্তত সিংয়ের ভূমিকায় দেখা যাবে জিৎকে। নন্দী মুভি প্রযোজিত ছবিটি চলতি বছরের স্বাধীনতা দিবসে ঠিক মুখে ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে।
















