বাংলা সিনেমার জগতের দুই তাবড় অভিনেতা টোটা রায়চৌধুরী এবং জিৎ৷ এতবছর অভিনয় করলেও দুই তারকার একসঙ্গে কাজ এই প্রথম৷ 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিতে প্রথমবার টোটা এবং জিতের অভিনয় একসঙ্গে দেখতে পাবেন দর্শক৷ কেমন লাগল জিতের সঙ্গে প্রথমবার একসঙ্গে কাজ করে? আজকাল ডট ইন জানতে চেয়েছিল টোটা রায়চৌধুরীর কাছে৷
টোটা বলেন, "জিতের সঙ্গে আমার আলাপ ’সাথী’র পর থেকে৷ দেখা হলেই কথাবার্তা হত৷ ওই যে বলে না, ভাইব ম্যাচ করা সেই বিষয়টা শুরু থেকেই ছিল৷ আমাদের ভাইব ম্যাচ করে গিয়েছিল৷ মোটামুটি আমরা সমবয়সি বলা চলে৷"
তবে শুধুই যে বয়সের কারণে ভাইব ম্যাচ কিরে গিয়েছিল তা কিন্তু নয়৷ টোটা আর জিতের বন্ধুত্বের সমীকরণেও ছিল সিনেমা৷ দু'জনেই একই সময় বেড়ে উঠেছেন৷ একই সময়ের একাধিক সিনেমার প্রতি একে অপরের গভীর ভাললাগাও এই বন্ধুত্বের আর এক কারণ৷
টোটা বলেন, "যে ছবিগুলো দেখে বড় হয়েছি, যে ছবিগুলো দেখে মনে হয়েছিল অভিনেতা হব সেগুলো দু'জনের ক্ষেত্রেই প্রায় একই। "
তবে এতদিনের পরিচয় বা বন্ধুত্বের পরেও ব্যক্তি জিৎ কিছুটা অপরিচিতই ছিল টোটা রায়চৌধুরীর কাছে৷ আজকাল ডট ইন-কে টোটা বলেন, "ভাললাগা ছিল৷ ভাল আলাপ ছিল৷ কিন্তু কাজটা করার পর পরিপূর্ণ জিৎকে চিনতে পারলাম। দেখলাম কাজের প্রতি ও কতটা সিরিয়াস৷ বিশেষত এই চরিত্রের প্রতি কতটা সমর্পিত ছিল৷ "
একইসঙ্গে টোটা জানান, জিৎ অত্যন্ত ভাল মানুষ এবং মজার মানুষ৷ জিতের সেন্স অফ হিউমারের প্রশংসা করার পাশাপাশি টোটা বলেন, "অজেকেই জিৎকে দেখে ভাবেন ও খুব রিজার্ভড, গম্ভীর, উন্নাসিক তা কিন্তু নয়৷ জিৎ গল্প করতে ভীষণ ভালবাসে৷"
পথিকৃৎ বসু পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জিৎ এবং টোটা রায়চৌধুরীকে।
জিৎ অভিনয় করছেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিং-এর ভূমিকায়। অনন্ত সিং ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম সাহসী বিপ্লবী। তবে পরবর্তী জীবনে তাঁকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। কেউ তাঁকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখেছেন, আবার কেউ তাঁর কর্মকাণ্ডের জন্য ‘ডাকাত’ বলেও আখ্যা দিয়েছেন। সেই দ্বৈত পরিচয়ই ছবির নামের মূল ভাবনা।
টোটা রায়চৌধুরী অভিনয় করছেন দুর্গা রায় নামে একটি ধূসর (grey-shaded) চরিত্রে। নির্মাতারা জানিয়েছেন, এই চরিত্রটি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় তৈরি করবে। টোটার চরিত্রে ক্ষমতা, সংঘাত এবং রাজনৈতিক টানাপোড়েনের ছাপ থাকবে, ফলে তিনি ছবির প্রধান প্রতিপক্ষদের একজন হিসেবেই ধরা হচ্ছে। এমন চরিত্রে অভিনয়ের জন্যই অভিনেতারা অপেক্ষায় থাকেন একথাও জানিয়েছেন টোটা৷
















