শিলার জওয়ানি এখনও অটুট
এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু জনপ্রিয়তার জৌলুস এখনও ফিকে হয়নি। বলিউডের সেই আইকনিক ডান্স নাম্বার শিলা কি জওয়ানি আজও সমানভাবে দর্শকদের মাতিয়ে রাখে। এবার সেই গানেই নাচতে দেখা গেল হলিউড তারকা ক্যারেন গিলান-কে। আর মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
হলিউড ছবির তারকা ক্যারেন। বিশেষ করে দ্য রক-এর জুমানজি ছবির অভিনেত্রী হিসেবে পরিচিত ক্যারেন গিলান সম্প্রতি নিজের টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, সম্ভবত শুটিংয়ের ফাঁকে নিজের ভ্যানিটি ভ্যানে বসে আছেন তিনি। পরনে তাঁর জুমানজি ছবির চরিত্রের কস্টিউম। ঠিক তখনই বাজতে শুরু করে ‘শিলা কি জওয়ানি’।
গান শুরু হতেই আর নিজেকে ধরে রাখতে পারেননি ক্যারেন। উঠে দাঁড়িয়ে একেবারে প্রাণ খুলে নাচতে শুরু করেন তিনি। গানের তালে তালে তাঁর মুভমেন্ট আর অভিব্যক্তি দেখে স্পষ্ট—এই বলিউড ডান্স নাম্বারের প্রতি তাঁর আলাদা টান রয়েছে।ভিডিওটি প্রথমে টিকটকে পোস্ট হলেও পরে এক অনুরাগী সেটি শেয়ার করেন এক্স-এ। এরপরই দ্রুত ভাইরাল হয়ে যায় ক্লিপটি। নেটিজেনদের অনেকেই বিস্ময় আর আনন্দ প্রকাশ করেছেন এই অপ্রত্যাশিত মুহূর্ত দেখে।একজন ব্যবহারকারী লিখেছেন, “ক্যারেন গিলান ‘শিলা কি জওয়ানি’-তে নাচবেন-এটা তো একেবারে অপ্রত্যাশিত।” আরেকজন মন্তব্য করেন, “গানটা সত্যিই আইকনিক। এখনও মানুষকে নাচতে বাধ্য করে।”
ইয়া আলি!
দর্শকমনে আলাদা জায়গা তৈরি করেছেন আলি ফজল। কখনও ‘গুড্ডু ভাইয়া’-র মতো রুক্ষ ও তীব্র চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন, আবার কখনও সংবেদনশীল ও স্তরপূর্ণ চরিত্রে নিজের অভিনয়ের সূক্ষ্মতা তুলে ধরেছেন। এবার আবারও একেবারে ভিন্ন রূপে সামনে আসতে চলেছেন তিনি।আসন্ন অ্যান্থোলজি সিরিজ লাস্ট স্টোরিজ থ্রি-এ একেবারে নতুন অবতারে দেখা যাবে আলিকে। এবার তিনি হাজির হচ্ছেন এক ‘লাভার বয়’ চরিত্রে, যা তাঁর সাম্প্রতিক কাজের তুলনায় বেশ আলাদা। আধুনিক সম্পর্কের জটিলতা, আবেগ আর ব্যক্তিগত টানাপোড়েনের সূক্ষ্ম রসায়নকে কেন্দ্র করেই গড়ে উঠবে তাঁর এই চরিত্র।
এই সিরিজে আলির বিপরীতে অভিনয় করছেন রাধিকা মদন। দু’জনের অনস্ক্রিন জুটি ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।পরিচালনার দায়িত্বে রয়েছেন সকুন বাত্রা, যিনি মানবসম্পর্কের জটিল আবেগ ও সূক্ষ্ম মানসিকতার গল্প বলার জন্য পরিচিত। তাঁর পরিচালনায় তৈরি এই ছবিটি নাকি সম্পর্কের অন্তরঙ্গতা ও আবেগের নানা স্তরকে নতুনভাবে তুলে ধরবে।
সরে গেলেন রানি
বলিউডে নতুন ছবি নিয়ে জল্পনা-আলোচনা নতুন নয়। তবে শুটিং শুরু হওয়ার আগেই বড়সড় পরিবর্তনের খবর এলে তা স্বাভাবিকভাবেই নজর কাড়ে। এবার ঠিক তেমনই একটি খবর ঘিরে চর্চায় উঠে এসেছে আসন্ন ছবি ওহ মাই গডেস। খবর, ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয়ের কথা ছিল রানির। কিন্তু ছবির প্রি-প্রোডাকশন চলাকালীনই নাকি প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী।
ছবিটি পরিচালনায় রয়েছেন অমিত রাই। পরিকল্পনা ছিল, চলতি বছরের এপ্রিলেই ছবির শুটিং শুরু হবে। কিন্তু তার আগেই নাকি চিত্রনাট্য এবং ছবির উপস্থাপনাকে ঘিরে মতবিরোধ তৈরি হয় রানি ও পরিচালকের মধ্যে। ও শোনা যাচ্ছে, ছবির ঘোষণার কিছুদিনের মধ্যেই এই সৃজনশীল মতপার্থক্য সামনে আসে। সূত্রের দাবি, চিত্রনাট্য ও ছবির পরবর্তী নির্মাণপর্ব নিয়ে রানির নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি ছিল। তিনি চেয়েছিলেন সেই ধারণা অনুযায়ী ছবির কাজ এগিয়ে যাক।অন্যদিকে পরিচালক অমিত রায়েরও ছবিটি নিয়ে আলাদা পরিকল্পনা ছিল। ছবির গল্প এবং তার উপস্থাপনা নিয়ে দুই পক্ষের ভাবনার মধ্যে পার্থক্য থাকায় শেষ পর্যন্ত নাকি দু'জনের এক ছাদের তলায় দাঁড়ানো সম্ভব হয়নি। তার ফলেই প্রকল্পটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রানি মুখার্জি। যদিও ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
