চিরতরে ভারত ছাড়ছেন মন্দানা 

দীর্ঘ ১৬ বছর। মায়ানগরী মুম্বই হয়ে উঠেছিল তাঁর ‘সেকেন্ড হোম’। কিন্তু একরাশ মন খারাপ আর অনিশ্চয়তা সঙ্গী করে অবশেষে ভারত ছাড়লেন ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী ও মডেল মন্দানা করিমি। আমেরিকার মিসাইল হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার আঁচ এবার এসে পড়ল বলিউডেও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগঘন এক ভিডিও বার্তার মাধ্যমে ভারতকে ‘বিদায়’ জানালেন ‘বিগ বস’ খ্যাত এই তারকা। এক্স-এ অভিনেত্রী লেখেন, “আমি কখনও কল্পনাও করতে পারিনি যে আমাকে এটা বলতে হবে। কিন্তু গুডবাই ইন্ডিয়া। এটা আমার জন্য খুব কঠিন। ১৬ বছর পর অবশেষে নিজের দ্বিতীয় বাড়ি ছেড়ে যাচ্ছি। এবার এক নতুন শুরু। নতুন দেশ, নতুন বাড়ি— সবকিছুই নতুন হতে চলেছে।”

 

তমন্না নয়, নার্গিস! 

বলিউডের ‘কন্টেন্ট কুইন’ একতা কাপুর মানেই নতুন কিছু চমক। আর এবার তাঁর তুরুপের তাস হতে চলেছে ‘রাগিনী ৩’ (Ragini 3)। ২০১১ সালে সানি লিওনির হাত ধরে যে অতিপ্রাকৃত হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল, তার তৃতীয় কিস্তিতে এবার দেখা যাবে এক অভাবনীয় কাস্টিং। জল্পনা ছিল অনেক, কিন্তু নতুন এক আপডেটে বদলে গেল সমস্ত হিসেবনিকেশ।এতদিন চর্চা ছিল যে, এই ছবিতে তামান্না ভাটিয়াকে দেখা যাবে আয়ুশ শর্মা এবং জুনায়েদ খানের সঙ্গে রোমান্স করতে। কিন্তু ছবির অন্দরমহলের খবর বলছে অন্য কথা। জানা গিয়েছে, সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মার বিপরীতে তামান্না নন, বরং জুটি বাঁধছেন লাস্যময়ী নার্গিস ফাকরি।

শুধু তাই নয়, এই ছবিতে এক বিশেষ চমক হিসেবে নার্গিসকে দেখা যাবে খাকি পোশাকে। একজন পুলিশ অফিসারের ভূমিকায় নার্গিসের এই ‘রাফ অ্যান্ড টাফ’ লুক এবং আয়ুশের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন পর্দায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। ছবিতে আমির-পুত্র জুনায়েদ খানের ভূমিকাও হতে চলেছে অত্যন্ত রহস্যময়।


স্রেফ গুজবে আছেন করিনা 

বলিউডের পর্দায় ‘বডিগার্ড’ কিংবা ‘বজরঙ্গি ভাইজান’-এর সেই ম্যাজিক কি আবার ফিরবে? গত কয়েক সপ্তাহ ধরে মায়ানগরীর হাওয়ায় ভাসছিল এক দারুণ খবর— রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকে-র  আসন্ন সুপারহিরো ছবিতে নাকি ফের একসঙ্গে দেখা যাবে সলমন খান ও করিনা কাপুর খানকে। দীর্ঘ প্রতীক্ষার পর এই জুটির রিইউনিয়নের খবরে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু সেই আশায় এবার পড়তে চলেছে জল। এক ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, এই প্রজেক্টে সলমনের থাকা নিশ্চিত হলেও করিনাকে নিয়ে কোনো আলোচনাও শুরু হয়নি।


শোনা যাচ্ছিল, রাজ এবং ডিকে তাঁদের এই উচ্চাভিলাষী প্রজেক্টের জন্য করিনা কাপুরকে চূড়ান্ত করেছেন। কিন্তু বাস্তব যে একটু আলাদা। একটি সূত্রের কথায়, “করিনা এখনও পর্যন্ত রাজ-ডিকে বা সালমান— কারও সঙ্গেই এই বিষয় নিয়ে দেখা করেননি। আসলে ছবিটির চিত্রনাট্য এখনও লেখা হচ্ছে। নির্মাতারা জুন মাসের শেষের দিকে কাস্টিং শুরু করার পরিকল্পনা করেছেন। এই মুহূর্তে ছবিতে একমাত্র সলমন খানই চূড়ান্ত হয়েছেন, কোনও নারী চরিত্রের নাম এখনও ভাবা হয়নি।”