মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স-এর ‘ পাশের বাড়ির সুপারহিরো’ হিসেবে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের মন জয় করেছেন। কিন্তু এবার বোধহয় স্পাইডারম্যানের মুখোশ আর কস্টিউম চিরতরে তুলে রাখার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন টম হল্যান্ড। ওঁর চতুর্থ একক স্পাইডারম্যান ছবি ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বড়পর্দায় আসার আগেই এক বিস্ফোরক সাক্ষাৎকারে টম জানালেন, এবার ওঁর ‘সূর্যাস্তের দিকে উড়ে যাওয়ার’ এবং নতুন কারও জন্য স্পাইডারম্যানের দরজা খুলে দেওয়ার সময় এসেছে।

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন টম। তিনি স্পষ্ট জানান যে, স্পাইডারম্যানের ব্যাটন অন্য কারও হাতে তুলে দিতে ওঁর কোনও আপত্তি নেই।টম হল্যান্ডের এই মন্তব্যে হলিউডে শোরগোল পড়ে গেছে। সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে টম বলেন, “আমার পরে যিনিই এই চরিত্রে আসুক না কেন— সে মাইলস মোরালেস হোক, স্পাইডার-গোয়েন হোক কিংবা কোনও স্পাইডার-ওম্যান— স্পাইডারম্যানের পরবর্তী অধ্যায়টা তৈরি করতে আমি ভীষণভাবে সাহায্য করতে চাই। সেই অধ্যায়টা দেখতে কেমন হবে, তা আমি এই মুহূর্তে জানি না। কিন্তু রবার্ট ডাউনি জুনিয়র (আইরন ম্যান) আমার জন্য যা করেছিলেন, আমি যদি নতুনদের জন্য ঠিক সেটাই করে যেতে পারি, তবে আমি অত্যন্ত তৃপ্তি নিয়ে এই ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নেব।”

 

টম হল্যান্ড ২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবিতে প্রথম পিটার পার্কার ওরফে স্পাইডারম্যান হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি মার্ভেলের তিনটি একক ছবি ছাড়াও ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তিনিই মার্ভেলের ইতিহাসে প্রথম অভিনেতা, যিনি স্পাইডারম্যান হিসেবে ৪টি সোলো সিনেমা করার রেকর্ড গড়লেন। যেখানে টোবি ম্যাগুইয়ার করেছিলেন ৩টি এবং অ্যান্ড্রু গারফিল্ড করেছিলেন মাত্র ২টি ছবি।


হলিউডে জোর গুঞ্জন, ‘ব্র্যান্ড নিউ ডে’ ছবিতেই হয়তো শেষবারের মতো নিউ ইয়র্কের বহুতলগুলোর মাঝখান  থেকে জাল ছুঁড়ে উড়ে বেড়াতে দেখা যাবে টমকে। এরপর হয়তো লাইভ-অ্যাকশন ছবিতে দেখা মিলবে কমিকসের জনপ্রিয় চরিত্র ‘মাইলস মোরালেস’-এর (যাকে ইতিমধ্যেই অ্যানিমেটেড স্পাইডার-ভার্স ছবিতে দেখা গেছে)। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও-র সিরিজ ‘স্পাইডার-নোয়ার’ -এ নিকোলাস কেজ-কে লাইভ-অ্যাকশন স্পাইডারম্যান নোয়ারের চরিত্রে দেখা গিয়েছে।

 

 

কমিকসের জনপ্রিয় কাহিনি অবলম্বনে তৈরি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির গল্প আবর্তিত হয়েছে ‘নো ওয়ে হোম’-এর পরবর্তী ঘটনা নিয়ে। যেখানে পিটার পার্কার এমন এক পৃথিবীতে বাস করছে, যেখানে ওর প্রিয়জনেরা ওকে সম্পূর্ণ ভুলে গেছে। চেনা দুনিয়ায় সম্পূর্ণ একা হয়েও পিটার ওঁর স্পাইডারম্যানের দায়িত্ব পালন করে চলেছে। আগামী ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।

সুপারহিরোর দুনিয়া থেকে বিদায়ের আভাস দিলেও, টম হল্যান্ডের ক্যারিয়ারের গ্রাফ কিন্তু এই মুহূর্তে মধ্যগগনে। স্পাইডারম্যান মুক্তির ঠিক দু’সপ্তাহ আগে, আগামী ১৭ জুলাই মুক্তি পেতে চলেছে বিশ্বখ্যাত অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানের সায়েন্স-ফিকশন মহাকাব্য ‘দ্য ওডিসি’ । হোমারের প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে তৈরি ২৫০ মিলিয়ন ডলারের এই বিগ-বাজেট ছবিতে ম্যাট ড্যামনের (ওডিসিয়াস) ছেলের চরিত্র ‘টেলিম্যাকাস’-এর ভূমিকায় দেখা যাবে টমকে। অর্থাৎ, ২০২৬-এর এই জুলাই মাসটি বক্স অফিসে সম্পূর্ণভাবে টম হল্যান্ডেরই দখলে থাকতে চলেছে!