হলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার-ম্যান’ মানেই বিশ্বজুড়ে কোটি কোটি অনুরাগীর উন্মাদনা। এই ফ্র্যাঞ্চাইজির বর্তমান মুখ টম হল্যান্ড সম্প্রতি তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর মাধ্যমে বড়পর্দায় দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। ভারতে ৩০ জুলাই মুক্তি পাওয়া এই ছবি নিয়ে থিয়েটারে ভক্তদের উল্লাস তুঙ্গে। তবে এরই মাঝে খোদ টম হল্যান্ড এমন এক চমকপ্রদ তথ্য ফাঁস করলেন, যা শুনে মন খারাপ হয়ে যেতে পারে তাঁর ভক্তদের।
ছবির প্রচারের সময় এক পডকাস্ট সাক্ষাৎকারে টম হল্যান্ড ইশারা দিয়েছেন যে, তাঁর এই বিখ্যাত সুপারহিরো চরিত্রের যাত্রার অন্তিম পর্যায় নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু হয়ে গেছে!
‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে কথা বলতে গিয়ে ৩০ বছর বয়সী এই হলি-অভিনেতা জানান যে, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে তাঁর বিদায় নেওয়ার আলোচনা অনেকদূর এগিয়েছে। ২০২১ সালের ব্লকবাস্টার হিট ছবি ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ -এর পর থেকেই এই নিয়ে প্রস্তুতি শুরু হয়েছিল।টম বলেন, “আমরা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছি, যা মূলত ‘নো ওয়ে হোম’ শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে। পরিকল্পনাটা পুরোপুরি সাজানো আছে। নিশ্চিতভাবেই সময়ের সঙ্গে এতে কিছু পরিবর্তন আসবে, তবে মার্ভেলের ব্যাটন অন্য কারও হাতে তুলে দেওয়ার বিষয়ে আমার একটা খুব পরিষ্কার ধারণা রয়েছে। ব্যাপারটি বেশ রোমাঞ্চকর।” তিনি আরও জানান যে এই ভবিষ্যতের পরিকল্পনা তৈরিতে তিনি ভীষণভাবে আনন্দ পান।
২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবির মাধ্যমে প্রথমবার স্পাইডার-ম্যান হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন টম হল্যান্ড। টোবি ম্যাগুইর এবং অ্যান্ড্রু গারফিল্ডের পর তিনি হলেন তৃতীয় অভিনেতা যিনি পিটার পার্কারের জুতোয় পা গলিয়েছেন। স্পাইডার ম্যান সাজার নিজের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে টম জানান, তাঁর প্রথম তিনটি ছবিতে রবার্ট ডাউনি জুনিয়র যেভাবে তাঁকে একজন অভিভাবকের মতো পথ দেখিয়েছিলেন, ঠিক তেমনই পরবর্তী প্রজন্ম বা নতুন কোনও অভিনেতার মেন্টর হতে চান তিনি।
টমের পর কার মুখে উঠবে স্পাইডার-ম্যানের মুখোশ? টমকে যখন প্রশ্ন করা হয় যে তাঁর পরে কাকে এই স্পাইডি-র কস্টিউমে দেখতে চান তিনি, তখন তিনি সোজাসাপ্টা নেটফ্লিক্সের প্রশংসিত সিরিজ ‘অ্যাডোলসেন্স’-এর তরুণ অভিনেতা ওয়েন কুপার-এর নাম নেন।
এদিকে, ভারতে ৩০ জুলাই মুক্তি পাওয়ার পর থেকেই ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটি ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় দুর্দান্ত সাড়া ফেলেছে। সব মিলিয়ে, টমের এই বিদায়ের পরিকল্পনা ভক্তদের মনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
















