অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজ, ১৭ই জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অস্কারজয়ী হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের সাই-ফাই ফ্যান্টাসি থ্রিলার ‘দ্য ওডিসি’। মুক্তির প্রথম দিনেই ছবিটি সমালোচকদের প্রশংসায় ভেসে যাচ্ছে। আর এই প্রশংসার জোয়ারে এবার যোগ দিলেন স্বয়ং হলিউড মেগাস্টার টম ক্রুজ! আইম্যাক্স থিয়েটারে নোলানের এই মহাকাব্যিক সৃষ্টি বড়পর্দায় দেখার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ‘মিশন ইম্পসিবল’ তারকা।
বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় নোলানের এই উচ্চাকাঙ্ক্ষী সিনেমাটিকে নিজের অফিশিয়াল ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছেন টম। আইম্যাক্স ৭০ মিমি থিয়েটারের সামনে দাঁড়িয়ে হাতে সিনেমার টিকিট নিয়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে ক্রিস্টোফার নোলান, তাঁর স্ত্রী তথা সহ-প্রযোজক এমা থমাস এবং ছবির পুরো কাস্ট ও ক্রু-কে ধন্যবাদ জানিয়ে টম লিখেছেন, “অসাধারণ! ক্রিস, এমা এবং ছবির সমস্ত দুর্দান্ত কাস্ট ও ক্রু সদস্যদের জানাই অনেক অভিনন্দন। প্রেক্ষাগৃহে একটি অনবদ্য রাত উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আর তর সইছে না, ছবিটি আরও একবার দেখব!”
‘দ্য ওডিসি’কে নিয়ে টম ক্রুজের এই ফিল্ম-রিভিউ সোশ্যাল মিডিয়ায় আসতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। একজন অনুরাগী লিখেছেন, “কোনও সিনেমা দেখার পর যখন দর্শক হল থেকে বেরিয়েই আবারও টিকিট কেটে ভেতরে ঢুকতে চায়, সেটাই আসল রিভিউ!” অন্য একজন মজা করে লিখেছেন, “যে মানুষটা স্রেফ পর্দায় দর্শককে একটু বিনোদন দেবেন বলে পাহাড় থেকে ঝাঁপ দিতে পারেন, তিনি যখন কোনো সিনেমা দেখার সুপারিশ করেন, তখন চোখ বন্ধ করে টিকিট বুক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।”
চলতি সপ্তাহের শুরুতেই ছবির প্রিভিউ শো-এর রিভিউ সামনে এসেছিল। রিলিজের দিন পর্যন্ত ফিল্ম রেটিং ওয়েবসাইট ‘রটেন টমেটোস’ (-এ ছবিটির স্কোর দাঁড়িয়েছে এক অবিশ্বাস্য ৯৬%! শুধু সমালোচকদের প্রশংসাই নয়, বক্স অফিসেও সুনামি তুলতে চলেছে রাজা ওডিসিউসের এই লড়াই।
মার্কিন মিডিয়া ‘দ্য ব়্যাপ’ -এর দাবি, মুক্তির প্রথম উইকেন্ডেই ছবিটি প্রায় ৮৫ থেকে ৯৫ মিলিয়ন ডলার ব্যবসা করতে পারে। নোলানের গত বছরের অস্কারজয়ী ছবি ‘ওপেনহাইমার’ প্রথম উইকেন্ডে ৮২.৭ মিলিয়ন ডলার কামিয়েছিল। ‘দ্য ওডিসি’ সেই রেকর্ডও অনায়াসে ভেঙে দেবে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।
হোমারের গ্রিক মহাকাব্য থেকে অনুপ্রাণিত এই অ্যাকশন ফ্যান্টাসি ছবিতে চাঁদের হাট বসিয়েছেন নোলান। ওডিসিউসের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন ম্যাট ডেমন। ওঁর স্ত্রী পেনেলোপির চরিত্রে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে। এছাড়াও ওডিসিউসের পুত্র টেলেমেকাসের চরিত্রে টম হল্যান্ড, অ্যান্টিলাসের চরিত্রে রবার্ট প্যাটিনসন এবং ক্যালিপসো রূপে ধরা দিয়েছেন শার্লিজ থেরন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জেনডায়া ও লুপিতা ইয়ংও।
ট্রয়ের যুদ্ধের পর নিজের রাজ্য ইথাকায় ফেরার জন্য সমুদ্রের দানব, মায়াবী ড্রাগন ও নানা অলৌকিক শক্তির বিরুদ্ধে রাজা ওডিসিউসের ১০ বছরের রক্তক্ষয়ী সংগ্রাম ও পেনেলোপির অমর প্রেমকাহিনীই এই ছবির মূল উপপাদ্য।
আনন্দের কথা হল, ভারতের সেন্সর বোর্ড কোনও কাটছাঁট ছাড়াই নোলানের এই ছবিকে ছাড়পত্র দিয়েছে। তবে প্রাপ্তবয়স্কদের উপযোগী দৃশ্য ও টানটান হিংসাত্মক অ্যাকশনের কারণে ছবিটিকে ভারতে ‘এ’ রেটিং দেওয়া হয়েছে।
















