নিজস্ব সংবাদদাতা: বছরের শুরুতেই মন খারাপের খবর। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে পরিচালক অরুণ রায়ের। এই কথা এবার সরাসরি জানিয়ে দিলেন চিকিৎসক, অভিনেতা কিঞ্জল নন্দ। 

 

 

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অরুণ রায় পরিচালিত, দেব অভিনীত ছবি 'বাঘাযতীন'। শারীরিক অসুস্থতা নিয়েই এই ছবির প্রচার করেন অরুন রায়। প্রথম থেকে যদিও সাহস যুগিয়ে গিয়েছেন দেব। তবে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই বিশ্রামে থাকা খুব একটা পছন্দ করেন নি পরিচালক নিজেও। তাই একটু সুস্থ হলেই কাজ শুরু করেছেন। 

 


এবার যেন যত দিন যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন টলিউডের এই পরিচালক। এর মধ্যে হাসপাতালে গিয়ে পরিচালককে দেখে এসেছেন স্বয়ং দেব। হাসপাতালে অরুন রায়ের পাশে রয়েছেন কিঞ্জল নন্দ। অরুণ রায়ের পরিচালনায় 'হীরালাল' ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় কাজ করেন কিঞ্জল। প্রথম ছবিতেই দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেতা। এরপর অরুন রায়ের পরিচালনাতেই '৮/১২' ছবিতেও অভিনয় করেন কিঞ্জল।

 


পরিচালকের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি যেন সহ্য করতে পারছেন না কিঞ্জল। সমাজ মাধ্যমে কিঞ্জল লেখেন, "অরুণ রায় ভাল নেই, যারা বারবার জিজ্ঞাসা করছেন উত্তর দিতে পারছি না ক্ষমা করবেন।" কিঞ্জলের এই পোস্ট দুশ্চিন্তা বাড়িয়েছে টলিউডে।