ধারাবাহিকের সেটেই শুরু হয়েছিল দু'জনের প্রেম। সেই মাখমাখ প্রেমের সাক্ষী ছিলেন অনেকেই। তবে মাঝে অজানা কোনও কারণে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন এই তারকা জুটি। তারপর যদিও নায়িকার ভাঙা মন জোড়া দিয়েছিলেন আরেক অভিনেতা। তাঁর সঙ্গেও শুটিং ফ্লোরেই আলাপ। 

দিব্যি চলছিল তাঁদের প্রেম। এর মধ্যেই ছন্দপতন! নায়িকা সদ্য নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। পার্শ্বচরিত্রে বেশ নজর কাড়ছেন তিনি। হাসি-মজার মিশেলে দিব্যি এগোচ্ছে ধারাবাহিকের গল্প। এই মেগায় নায়িকার বিপরীতে সেই প্রাক্তন প্রেমিক! প্রাক্তনের সঙ্গে এখন জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা। তাঁদের জুটিকে দর্শক বেশ ভালবাসাও দিচ্ছেন। 

টলিপাড়ার অন্দরের খবর, প্রাক্তনের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি ফের কাছাকাছি এসেছেন দু'জনে।‌ ফলে নায়িকার বর্তমান প্রেমে খানিকটা ব্যাঘাত ঘটেছে বলে খবর। প্রাক্তনের কাছাকাছি আসতেই নাকি সব তিক্ততা ভুলেছেন নায়িকা! আবার গড়ে উঠেছে তাঁদের বন্ধুত্ব। গুঞ্জন, শুটিংয়ের ফাঁকে নাকি একসঙ্গে সময় কাটাতেও দেখা যাচ্ছে দু'জনকে। 

নায়িকার নতুন প্রেমিক ও এই মুহূর্তে ওই চ্যানেলের অন্য একটি ধারাবাহিকে খল নায়কের চরিত্রে অভিনয় করছেন। মাঝে তাঁদের দু'জনকে বহুবার একসঙ্গে দেখা গেলেও এখন নাকি দু'জন একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেই চলছেন। এর কারণ কি নায়িকার জীবনে প্রাক্তন প্রেমিকের আধিপত্য? নাকি এসব নিছকই গুঞ্জন? যদিও এসব নিয়ে এখন 'স্পিকটি নট' তিনজনেই।

 

এদিকে, বিনোদন জগতের অন্দরের গুঞ্জন নায়িকা নাকি রাজনীতির পাশাপাশি এবার সংসারেও মন দিতে চাইছেন। কিন্তু বর্তমান প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার আগেই জীবনে প্রাক্তনের আধিপত্য কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।