রাহুল অরুনোদয় ব্যানার্জির সঙ্গে ধারাবাহিকের শুটিংয়ে যে সুরক্ষার অভাবের অভিযোগ উঠেছে, সেই সুরক্ষা নিয়ে ক্রমেই ক্ষোভ বাড়ছে টলিউডের অন্দরে৷ 

সমাজমাধ্যমে একের পর এক অভিনেতা অভিনেত্রীরা প্রতিবাদ জানাচ্ছেন৷ এবার শুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রূপালি রাই ভট্টাচার্য।  

উত্তরবঙ্গে শুটিংয়ে গিয়ে কনকনে ঠান্ডায় গলা অবধি জলে ডুবে থাকতে বাধ্য করা হয়েছিল, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী৷ তিস্তার স্রোত আর ঠান্ডায় সেদিন বড়সড় বিপদ ঘটতে পারত এমন ইঙ্গিতও দিয়েছেন অভিনেত্রী৷ 

এমনকি কলকাতায় শুটিং চলাকালীন ফাইট সিন হোক বা অন্য কোনও দৃশ্য একাধিকবার চূড়ান্ত অব্যবস্থার মধ্যে শুটিং করতে হয়েছে, এমনটাও জানিয়েছেন অভিনেত্রী৷ 

রূপালি রাই ভট্টাচার্য লিখেছেন,  

কয়েকবছর আগে একটি সিরিয়ালের জন্য north bengal গেছিলাম । Supernatural গল্প। 3,4 জন শিল্পী আর কলাকুশলী নিয়ে ছোট ইউনিট। পরিচালক এবং প্রযোজক নামকরা।
একটি shot নেওয়া হবে তিস্তার জলে আমায় ডুবিয়ে। শীতকালে কনকনে ঠান্ডায় সবাই কাঁপছি। 
আমায় বলা হলো জলে গলা অবধি ডুবিয়ে বসতে। ক্যামেরা তখনও গাড়ি থেকে নামে নি। তারপর সেই ক্যামেরা নৌকো করে নদী পার হয়ে উল্টো দিকে যাবে। তারপর shot হবে। কিন্তু তিস্তার সাংঘাতিক স্রোতে সেখানে একটা পাথর আঁকড়ে আমার ওই জলে দেড় ঘন্টা জোর করে  বসিয়ে রাখা হয়েছিল। যথারীতি জলের ওই কারেন্টে জলের মধ্যে এতক্ষন বসে তাল সামলাতে পারিনি। একজন সহকারী পরিচালক দাদার ভরসায় সে যাত্রা শেষ রক্ষা হয়।
সেই সিরিয়ালের কলকাতায় শুটিং এ একদিন আমায় harness এ ঝুলিয়ে পরিচালক এবং বাকি সবাই casually ঘর থেকে চলে গেলেন। জানলাম ক্যামেরা এখনও আসেনি shot এর দেরি আছে। আমি চেঁচাতে লাগলাম আমায় প্লিজ নামিয়ে দাও কিন্তু director did not care।
Harness যে টেকনিশিয়ান চালাচ্ছিলেন সে যাত্রা তার ভরসায় উদ্ধার হই।
এই সিরিয়ালের আউটডোর এর শেষ shot . Light চলে যাচ্ছে খুব তাড়াহুড়ো করে shot নেওয়া হচ্ছে। Fight sequence। আমি পেছনে lapel এর রিসিভার রেখে কোমর আর back bone এর ফাঁকে ( এক চুল এদিক ওদিক হলে কোমরে বা মেরুদণ্ডে চোট অবশ্যম্ভাবী) সাংঘাতিক কঠিন ব্যালেন্স করে চিত হয়ে আছড়ে পড়লাম। কিন্তু কেউ cut বললো না। একটু wait করে উঠে দেখলাম director আর চিফ AD shot শেষ হওয়ার আগে টিফিনের গরম চপ খেতে চলে গেছেন। 
আমি স্তম্ভিত। চ্যানেল EP ও হতবাক।
 এমন অভিজ্ঞতা সব শিল্পীদের কম বেশি হয়েই থাকে। বারবার আমরা taken for granted হয়েই থাকি। আর না।
আবার আমরা আর একা নই। আমরা সবাই একসাথে। সব্বাই।

(লেখা আর বানান অপরিবর্তিত)

রাহুল অরুনোদয় ব্যানার্জির মৃত্যুর তদন্তের দাবিতে এবং সুরক্ষার দাবিতে যে প্রতিবাদ গড়ে তোলা হয়েছে, সেখানেও সমর্থন জানিয়েছেন অভিনেত্রী৷