গত রবিবার তালসারিতে ধারাবাহিক 'ভোলেবাবা পার কারেগা'র শুটিং করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির। অভিনেতার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা টলিউড ইন্ডাস্ট্রি। এর মাঝেই এল আরও এক দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন টলিউডের আরও এক অভিনেতা। জানা যাচ্ছে, প্রয়াত অভিনেতা প্রণব চ্যাটার্জি। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই নাকি মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর।

প্রণবকে দর্শক দেখেছেন বহু ধারাবাহিকে।নেতাজী, কাদম্বিনী, তেঁতুলপাতার মতো ধারাবাহিকে কাজ করেছেন প্রণব। তবে টলিপাড়ার অন্দরের খবর, বেশ কয়েকদিন ধরেই নাকি কাজ পাচ্ছিলেন না অভিনেতা। কাজের সন্ধানে ঘুরছিলেন সহ-অভিনেতা, প্রযোজকদের কাছে। কিন্তু তেমনভাবে কোনও গতি করতে পারছিলেন না। কিছুদিন আগে অভিনেত্রী অলকানন্দা গুহর সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রণব। কাজের সুযোগের জন্য কথাও হয় তাঁদের। অলকার চ্যানেলের জন্য বেশকিছু কাজও করেন তিনি। আজকাল ডট ইন-কে অভিনেত্রী জানান, "কী করে এসব হয়ে গেল জানি না। আমি কথা দিয়েছিলাম এরপর থেকে ওকে যতটা পারব কাজ দেব। বিয়েও করেছে প্রণব। ওর স্ত্রী বয়সে অনেক ছোট। সংসার চালানোর দায়ভার নিতে পারেনি বোধহয়।"
সমাজমাধ্যমে অলকানন্দা প্রণবকে নিয়ে লেখেন, 'ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন আমি আর পারছি না, কাজের খুব দরকার' এটাই বলেছিলে তো? আমি নিজের কাজ এ তোমায় ডাকি কারন অভিনয় তুমি খুব ভালোই করতে দাদা। বলেছিলাম আমার আরো অনেক কাজ করবে তুমি। কিন্তু এটা আমি কি শুনলাম? সব ছেড়ে চলে গেলে? হয়তো আমি কিছুই করতে পারলাম না..।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
কিন্তু কীভাবে মৃত্যু হল প্রণবের তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়। সত্যিই হার্ট অ্যাটাক? নাকি মানসিক যন্ত্রণার শিকার? ধোঁয়াশা রয়ে গিয়েছে।
















