এ যেন হারানো গৌরব ফিরে পাওয়া। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় ঘুরে গেল খেলা। স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ ফের বেঙ্গল টপার। প্রাপ্ত নম্বর ৬.৫। গত সপ্তাহে তিন নম্বরে নেমে গিয়েছিল ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা অভিনীত এই ধারাবাহিক। অন্য দিকে, সেরার মুকুট খোয়াতে হল জি বাংলার ‘পরিণীতা’কে। গত সপ্তাহে অনেক দিন পর এক নম্বরে উঠে এসেছিল এই ধারাবাহিক। তবে পারুল-রায়ানের গল্প দর্শক ধরে রাখতে পারল না। প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে গেল এই ধারাবাহিক। নম্বর পেল ৬.৩। সঙ্গে রয়েছে স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’।
এক সময় টিআরপি তালিকার শীর্ষে থাকত ‘জগদ্ধাত্রী’। সেরার তকমা না পেলেও এখনও দৌড়ে ভাল ভাবেই টিকে আছে এই ধারাবাহিক। জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার নানা কর্মকাণ্ড, প্রেম-সাসপেন্সের উপাদান ধরে রেখেছে দর্শককে। ৬.১ পেয়ে এই ধারাবাহিক তাই তালিকায় তৃতীয় স্থানে।
চতুর্থ স্থান জুড়ে রয়েছে তিনটি ধারাবাহিক। ‘রাঙামতি তিরন্দাজ,’ ‘ফুলকি’ এবং ‘চিরসখা’। নম্বর পেয়েছে ৬। চলতি সপ্তাহে নতুন মোড় নিয়েছে স্বতন্ত্র এবং কমলিনীর গল্প। খুশির রোদের উঁকি তাদের ধূসর জীবনে। ‘নতুন কাকু’র সঙ্গে মিঠির মান-অভিমানের পালা শেষ। মায়ের সঙ্গে তার বিশেষ সমীকরণকেও তাই আর বুঝে নিয়ে অসুবিধা নেই মেয়ের।
পঞ্চম স্থানে রয়েছে জিতু কমল এবং দিতিপ্রিয়া রায় অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’। প্রাপ্ত নম্বর ৫.৮। আর্য-অপর্ণার জীবনে নতুন ঝড়। হিন্দোলের আগমণে গল্পে যোগ করেছে নতুন পরত। অপর্ণার সঙ্গে চিকিৎসক হিন্দোলের বিয়ে দিতে মরিয়া তার মা-বাবা। কিন্তু অপর্ণার মন জুড়ে আর্যর বাস। একদিকে পরিবার, অন্য দিকে প্রেম। অবশেষে কোন দিকে মোড় নেবে অপর্ণার জীবন? ভালবাসার মানুষকে নিজের করে নিতে আর্যই বা কী করবে? আপাতত তা-ই দেখতে মুখিয়ে দর্শক। অন্য দিকে, ‘আমাদের দাদামণি’ও একই নম্বর পেয়ে পাঁচ নম্বরে। ভাই-বোনের গল্পও জায়গা করে নিয়েছে সেরার দৌড়ে।
ষষ্ঠ স্থানে ৫.২ পেয়ে রয়েছে ‘জোয়ার ভাটা’। কথা রয়েছে তারপরেই, সপ্তম স্থানে। প্রাপ্ত নম্বর ৫.১। কথা এবং অগ্নির প্রেমের আখ্যানে যে এখনও দর্শকদের অগাধ আগ্রহ, তা বুঝতে বাকি থাকে না।
অষ্টম স্থানে রয়েছে ‘তুই আমার হিরো’ এবং ‘লক্ষ্মীর ঝাঁপি’। প্রাপ্ত নম্বর ৪.৫। নবম স্থানে রয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’। যৌথভাবে নম্বর পেয়েছে ৪.৩। সঙ্গে রয়েছে জি বাংলার ‘কনে দেখা আলো’। দশম স্থানে ৪ নম্বর পেয়ে রয়েছে ‘কুসুম’।
















