কয়েক সপ্তাহ ধরে 'পরশুরাম আজকের নায়ক' ও 'প্রোফেসার বিদ্যা ব্যানার্জি'র দাপটে পিছিয়ে পড়েছিল কয়েকটি ধারাবাহিক। ক'দিন হল আবারও নিজের জায়গা ফিরে পেয়েছে জি বাংলার 'পরিণীতা'। চলতি সপ্তাহে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক। এখন জমে উঠেছে পারুল-রায়ানের খুনসুটি। তাই গল্পের মোড়ে এখন দৃষ্টি আকর্ষণ করছে দর্শকের। এবার মেগার প্রাপ্ত নম্বর ৬.২। দ্বিতীয় স্থানে চমক দেখিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'। রাঙামতির জীবনের ওঠাপড়া নিয়ে এগিয়ে চলছে গল্প। এদিকে মা হতে চলেছে রাঙা। তাই টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলছে এখন। এবার এই মেগা পেয়েছে ৬.১।
তৃতীয় স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। ৬.০ পেয়ে যৌথভাবে এই জায়গায় আছে জি বাংলার 'জোয়ার ভাঁটা' ও স্টার জলসার 'পরশুরাম'। এই দুই ধারাবাহিকেই এখন দারুণ জমজমাট পর্ব হচ্ছে। একদিকে, উজি-নিশার আসল রূপ জেনে গিয়েছে ঋষির পরিবার, অন্যদিকে পরশুরাম ও তটিনীর শত্রুর সংখ্যা আরও বেড়ে চলেছে। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার 'ও মোর দরদিয়া'। চলতি সপ্তাহে বাণী ও অনিরুদ্ধর গল্প পেয়েছে ৫.৭। এই সপ্তাহে বেশ খানিকটা নম্বর কমেছে 'প্রোফেসার বিদ্যা ব্যানার্জি'র। ৫.৫ পেয়ে পঞ্চমে রয়েছে এই মেগা। ধারাবাহিকে বেশ চমক থাকলেও এবার পিছিয়ে পড়েছে অভিনেত্রী স্বস্তিকা দত্তের এই ধারাবাহিক।
ষষ্ঠ স্থানে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। ৫.৪ নম্বর পেয়ে এই স্থানে রয়েছে ঝাঁপি ও দীপের গল্প। ৫.৩ পেয়ে সপ্তমে রয়েছে জি বাংলার 'আমাদের দাদামণি'। 'তারে ধরি ধরি মনে করি' এই সপ্তাহে রয়েছে অষ্টম স্থানে। প্রাপ্ত নম্বর ৫.১। ৪.৯ নম্বর পেয়ে এবার নবমে রয়েছে 'কনে দেখা আলো'। এই মেগার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক, কিন্তু টিআরপি তালিকায় সেভাবে নিজের জায়গা ধরে রাখতে পারে না। এখন বনলতাকে বাঁচাতে লাজুর পদক্ষেপ কতটা মোড় ঘোরাতে পারে দর্শকের, সেটাই দেখার। চলতি সপ্তাহে দশম স্থানে আছে তিন তিনটে ধারাবাহিক। ৪.৬ পেয়ে একসঙ্গে রয়েছে 'চিরসখা', 'চিরদিনই তুমি যে আমার' ও 'বেশ করেছি প্রেম করেছি'।
প্রসঙ্গত, টলিপাড়ায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক। ফিরছেন পুরনো মুখেরা। তাঁদের মধ্যে অন্যতম পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁকে দেখা যাবে জি বাংলার আসন্ন ধারাবাহিক 'কমলা নিবাস'-এ।
