ভোটের আবহে গত সপ্তাহে বেশ খানিকটা নম্বর কমেছিল প্রায় সব ধারাবাহিকেরই। চলতি সপ্তাহেও যে খুব বেশি বেড়েছে নম্বরের অনুপাত, তা কিন্তু নয়। তবে আরও একবার সবাইকে টেক্কা দিয়ে প্রথম স্থান দখল করেছে জি বাংলার ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'। ৫.১ পেয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। এখন পূর্বজন্মের প্রতিশোধ নিতে তৎপর কুন্তলিনী। গোরা ও দিতি কীভাবে বাঁচাবে নিজেদের? সেটাই দেখতে এখন উৎসাহিত দর্শক মহল।

দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার 'ও মোর দরদিয়া'। এখন বাণীর পরিচয় খোঁজার লড়াইয়ে জমে উঠেছে প্রতিটা পর্ব। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের নম্বর ৪.২। নম্বর কমেছে 'পরিণীতা'র। এবার ৪.৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে পারুল ও রায়ানের গল্প। কিছুদিন আগেই পারুলকে ভালবাসার কথা স্বীকার করেছিল রায়ান। কিন্তু এর মধ্যেই মনোবল ভেঙে পারুলকে আবার ভুল বুঝতে শুরু করেছে সে। তাই দু'জনের সম্পর্কের টানাপোড়েনে পর্বগুলো জমে উঠেছে। চতুর্থ স্থানে ৪.৪ নম্বরে রয়েছে জি বাংলার 'কুসুম'। এই মেগা এখন কুসুম ও আয়ুষ্মানের প্রেমের পরিণতি নিয়ে এগোচ্ছে। পঞ্চম স্থানে চমক দিয়েছে নতুন ধারাবাহিক 'ঘূর্ণি'। ৪.২ নম্বরে শুরুতেই দর্শকের ভালবাসা পেয়েছে এই ধারাবাহিক। 

ষষ্ঠ স্থানে নেমে এসেছে এক সময়ের 'বাংলা সেরা' ধারাবাহিক 'পরশুরাম'। ৪.১ পেয়ে যৌথভাবে এই স্থানে রয়েছে 'জোয়ার ভাঁটা'ও। তবে 'জোয়ার ভাঁটা'য় আসতে চলেছে বিরাট চমক। এবার ঋষির হাতে খুন হবে উজির দিদি নিশা! কী হতে চলেছে? উত্তরের অপেক্ষায় দর্শক। সপ্তমেও রয়েছে জোড়া ধারাবাহিক। 'প্রোফেসার বিদ্যা ব্যানার্জি' ও 'গঙ্গা' যৌথভাবে পেয়েছে ৩.৮। ৩.৭ নম্বর নিয়ে অষ্টমে আছে 'কমলা নিবাস' ও 'লক্ষ্মী ঝাঁপি'র প্রথম ১৫ মিনিট। নবমে একসঙ্গে রয়েছে তিনটে ধারাবাহিক। ৩.৫ নম্বরে এই স্থানে রয়েছে নতুন ধারাবাহিক 'প্রতিজ্ঞা', 'সংসারের সংকীর্তন' ও 'কনে দেখা আলো'। দশমে ২.৭ নম্বরে রয়েছে 'কম্পাস' ও 'লক্ষ্মী ঝাঁপি'।