১৬ জুলাই তারিখটা এলেই বলিউডের ক্যালেন্ডারে শুধু অভিনেত্রী ক্যাটরিনা কইফের জন্মদিন মনে পড়ে না, বরং মনে পড়ে যায় এই শতাব্দীর সবচেয়ে বড়, কুখ্যাত এবং হাড়হিম করা সেই ঝামেলার কথা। আজ থেকে ঠিক ১৮ বছর আগে, ২০০৮ সালের ক্যাটরিনার জন্মদিনের পার্টিতেই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন বলিউডের দুই পরম পরাক্রমশালী টাইটান— শাহরুখ খান এবং সলমন খান।আজ ২০২৬ সালে দাঁড়িয়ে দুই ‘খান’ হয়তো একে অপরের গলায় হাত দিয়ে ‘পাঠান’ ও ‘টাইগার’ হিসেবে বক্স অফিস কাঁপাচ্ছেন, কিন্তু সেদিন মাঝরাতে তাঁদের সেই কুৎসিত লড়াই টিনসেল টাউনকে চিরতরে দু'ভাগে ভাগ করে দিয়েছিল। ঠিক কী ঘটেছিল সেই অভিশপ্ত রাতে?
২০০৮ সালের সেই রাতে ক্যাটরিনার জন্মদিনের পার্টি যখন মধ্যগগনে, তখন পরিস্থিতি আচমকাই অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদর দাবি অনুযায়ী, মদ্যপ অবস্থায় সলমন খান হঠাৎই শাহরুখ খানকে লক্ষ্য করে ওঁর তৎকালীন রিয়্যালিটি শো ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’ নিয়ে তীব্র ব্যঙ্গ-বিদ্রূপ করতে শুরু করেন। শুধু তাই নয়, শাহরুখকে সরাসরি ‘স্বার্থপর’ বলে তোপ দাগেন সলমন। তিনি চেঁচিয়ে বলেন— “তুমি একটা চরম মতলববাজে! যখন নিজের দরকার পড়ে, তখন লোককে ডাকো, আর কাজ ফুরিয়ে গেলে তার সঙ্গে আর কোনও যোগাযোগ রাখো না।”
কিন্তু কেন হঠাৎ এত ক্ষেপে গিয়েছিলেন ভাইজান? ফিসফাস ছিল, সলমনের হোম প্রোডাকশনের ছবি ‘ম্যায় অউর মিসেস খন্না’-তে একটি ছোট ক্যামিও করার জন্য শাহরুখকে অনুরোধ করেছিলেন সলমন। কিন্তু কিং খান তা সরাসরি প্রত্যাখ্যান করেন। অথচ এর আগে শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবিতে সলমন বিনা শর্তে নাচতে রাজি হয়েছিলেন, এমনকি শাহরুখের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো-তেও ক্যাটরিনাকে নিয়ে হাজির হয়েছিলেন। এই প্রত্যাখ্যানটাই মেনে নিতে পারেননি সলমন।
সলমনের আক্রমণের মুখে চুপ থাকার পাত্র ছিলেন না কিং খানও। তিনিও নাকি পাল্টা সলমনের গেম শো ‘দশ কা দম’ নিয়ে তীব্র কটাক্ষ করেন।ঝামেলার পারদ যখন চরমে, তখন সলমন অভিযোগ তোলেন যে শাহরুখ নাকি ওঁর প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।
কথার লড়াই দ্রুত হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রাগে অন্ধ হয়ে সলমন নাকি শাহরুখকে সরাসরি ঘুষি মারার হুমকি দেন। জবাবে কিং খানও গর্জে উঠে বলেন— “তোর পার্টিতেই তোকে পিটাব!” দুই তারকার মধ্যে যখন রক্তারক্তি কাণ্ড ঘটার উপক্রম, ঠিক তখনই আসরে নামেন শাহরুখ-পত্নী গৌরী খান। তিনি আর এক মুহূর্তও সেখানে থাকা নিরাপদ মনে করেননি। উত্তেজিত শাহরুখের হাত ধরে কার্যত জোর করেই টেনে হিঁচড়ে পার্টি থেকে বের করে নিজের গাড়িতে তুলে নেন গৌরী।
এই ঘটনার ঠিক কয়েক মাস পর, ২০০৮ সালের অক্টোবরে এক সাক্ষাৎকারে শাহরুখ ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন— “সলমন আর আমার মধ্যে মিল থাকার মতো কিছুই নেই। আমাদের আলাদা চিন্তাভাবনা, আলাদা কথা বলি। একসময় ভাল সময় কাটিয়েছি, কিন্তু আজ সেইসব অতীত। আমরা আর বন্ধু নই।”
দীর্ঘ ৫ বছর এই দুই খানেরমধ্যে মুখ দেখাদেখি, কথাবার্তা— সব বন্ধ ছিল। অবশেষে ২০১৩ সালে রাজনৈতিক ব্যক্তিত্ব বাবা সিদ্দিকির বহুল চর্চিত ইফতার পার্টিতে এই বরফ গলে। কোটি কোটি ক্যামেরার সামনে একে অপরকে জড়িয়ে ধরেন শাহরুখ ও সলমন, যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল গোটা ইন্ডাস্ট্রি। আজ দীর্ঘ ১৮ বছর পর, সেই রাতের ঘটনার পুরো সত্য কোনও পক্ষই কোনওদিন খোলসা করেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো ক্ষত ভুলে আজ তাঁরা একে অপরের পরিবারের সদস্য হয়ে উঠেছেন। তবুও, ক্যাটরিনার জন্মদিনের এই বিশেষ দিনটি এলেই বলিউডের ইতিহাসের সেই সবচেয়ে ‘ডার্ক নাইট’-এর কথা ফিরে ফিরে আসে।
















