টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
তৃষার সঙ্গে দ্বিতীয় বিয়ে বিজয়ের?
থালাপতি বিজয়ের বিচ্ছেদের খবর রটতেই বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, বিজয় এবং তৃষা কৃষ্ণান একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ। যদিও তাঁরা নিজেরা এই বিষয়ে কোনওদিন মুখ খোলেননি, তবুও নেটিজেনদের কড়া নজর এড়িয়ে যাওয়া অসম্ভব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে বিজয় এবং তৃষার বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। চমকের বিষয় হল, সেই পোস্টে তৃষার মা উমা কৃষ্ণানের একটি 'লাইক' নজর কাড়ে নেটিজেনদের। ব্যস, আগুনের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। নেটিজেনদের মতে, উমা কৃষ্ণানের এই একটি ছোট্ট পদক্ষেপ আসলে কোনও সাধারণ বিষয় নয়, বরং এটি একটি বড় ইঙ্গিত। অনেকেই মনে করছেন, তৃষার মা যখন নিজেই এই ধরণের পোস্টে সহমত পোষণ করেছেন, তখন পর্দার পিছনের গল্পটা হয়তো সত্যিই পরিণতির দিকে এগোচ্ছে। বিশেষ করে বিজয়ের ব্যক্তিগত জীবনে সাম্প্রতিক টানাপোড়েন এবং তৃষার দীর্ঘদিন ধরে একা থাকার বিষয়টিকে এক সুতোয় গাঁথছেন অনুরাগীরা।
বড়পর্দায় নতুন অবতারে আমির
নিজের ৬১তম জন্মদিনে অনুরাগীদের জন্য বড় উপহার দিলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় ফিরতে প্রস্তুত তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় অভিনেতা নিশ্চিত করেছেন যে, গত ছ'মাস টানা চিত্রনাট্য শোনার পর অবশেষে তিনি নিজের পরবর্তী কয়েকটি প্রজেক্ট চূড়ান্ত করে ফেলেছেন। আমির বলেন, "বিগত ছ'মাস আমি শুধুই বিভিন্ন চিত্রনাট্য শুনেছি এবং সেগুলো নিয়ে কাটাছেঁড়া করেছি। অবশেষে আমি পরবর্তী কয়েকটি ছবির কাজ চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছি।" তবে সিনেমাগুলোর নাম বা বিষয়বস্তু নিয়ে এখনই খোলসা করেননি তিনি। চলতি বছরেই আমিরের প্রযোজনা সংস্থা থেকে বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ১ মে প্রেক্ষাগৃহে আসছে 'এক দিন'। এরপর ১৩ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত 'লাহোর ১৯৪৭'। এছাড়া বছরের শেষের দিকে 'অতি সুন্দর' নামে আরও একটি ছবি আসার সম্ভাবনা রয়েছে।
অস্কার নিয়ে ক্ষোভ হেমার
গত সোমবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল বিশ্ব চলচ্চিত্রের সবথেকে বড় আসর— ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ২০২৬। প্রতি বছরের মতো এবারও 'ইন মেমোরিয়াম' বিভাগে প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানানো হয়। কিন্তু সেই তালিকায় জায়গা হয়নি ভারতীয় চলচ্চিত্রের ‘হিম্যান’ খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর। বিশ্ব সিনেমার মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্তম্ভের এই অবমাননা মেনে নিতে পারছেন না তাঁর স্ত্রী তথা অভিনেত্রী হেমা মালিনী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দিয়ে হেমা মালিনী বলেন, "এটা সত্যিই লজ্জার। এমন একজন অভিনেতা,যিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের অগণিত মানুষের কাছে অত্যন্ত প্রিয়,তাঁকে এভাবে উপেক্ষা করাটা দুঃখজনক। ধরমজি সব জায়গাতেই পরিচিত এবং সমাদৃত ছিলেন। সারা জীবনে তিনি খুব একটা পুরস্কার পাননি। তাই অস্কার নিয়ে তিনি কেনই বা মাথা ঘামাবেন? আমরা দু'জনেই আমাদের দেশের মানুষের ভালবাসা পেয়ে খুশি ছিলাম। কিন্তু পুরস্কার তাঁকে সবসময়ই এড়িয়ে গিয়েছে। এমনকী আমার কেরিয়ারের অন্যতম সেরা কাজ 'লাল পাথর' বা 'মীরা'-র জন্য আমিও কোনও পুরস্কার পাইনি।"
