বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস। তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে অরূপ বিশ্বাসের ভাইকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। স্টুডিওপাড়ায় দুর্নীতির ঘুঘুর বাসা তৈরি করে রেখেছিলেন বিশ্বাস ব্রাদার্স, এই অভিযোগে বহু দিন ধরে সরব হয়েছিলেন টলিপাড়ার তারকারা। বাংলায় পালাবদলের পর আরও জোরালোভাবে সোচ্চার হন তাঁরা। সেই আবহে নি:সন্দেহে স্বরূপ বিশ্বাসের গ্রেফতার যে তাৎপর্যপূর্ণ খবর, তা বলাই বাহুল্য। এবার এই নিয়ে আজকাল ডট ইন-এর কাছে মুখ খুললেন এককালে ছোটপর্দার জনপ্রিয় মুখ তিথি বসু। 'মা' ধারাবাহিকের মাধ্যমে মধ্যবিত্ত বাঙালির বৈঠকখানায় নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। তিনি কোনও কিছুই লুকোছাপায় বিশ্বাস করেন না। এক্ষেত্রেও তিনি করেননি।
তিথি জানান স্বরূপের গ্রেপ্তারে তিনি অত্যন্ত খুশি! তাঁর কথায়, “বিশ্বাস ব্রাদার্স মিলে ইন্ডাস্ট্রিতে শেষ হয়ে গিয়েছিল। আমিও এঁদের দু’জনের জন্য অনেক কাজ হারিয়েছি। এমনও হয়েছে, প্রায় হাতে চলে আসা কাজ চলে গিয়েছে একেবারে শেষমুহূর্তে, তার জন্য দায়ী এঁরা। তবে হ্যাঁ, সরাসরি কিন্তু আমাকে নিয়ে ওঁরা কোনওদিন কিছু বলেননি। দেখুন, আমার বাবাও কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন কন্ট্রোলারের কাজ করেন। একাধিক বড় প্রযোজনায় সংস্থায় কাজ করে গিয়েছেন। তাঁর কোনও সমস্যা হয়নি। তবে তিনি যেহেতু বিজেপি-কে সমর্থন করেন...তাই একাধিকবার অরূপ বিশ্বাস আমাদের পাড়ায় যখন আসতেন বিধায়ক হিসেবে, তখন তিনি আমার মা'কে বলেছেন, "দিদি, দাদাকে একটু বোঝান যাতে এসব না করে।' অর্থাৎ বাবা যেন তৃণমূল দলকে সমর্থন করে। তাই আমি খুব খুশি আজ। তবে আমি আন্তরিকভাবে চাই ইন্ডাস্ট্রিতে যেন সবাই কাজ পান এবার তাঁদের যোগ্যতা অনুসারে। কেউ যেন রাজনৈতিক কারণে কাজ না পান, কেউ যেন টাকা খাইয়ে কাজ না পান, এটুকুই আশা।”
তিথি আরও জানান খুব তাড়াতাড়ি তিনি একটি ছবিতে কাজ করবেন। ‘শেষের কবিতা’ অনুসরণে লেখা হয়েছে সেই ছবির চিত্রনাট্য। ছবির নাম –‘শেষ থেকে শুরু’। পরিচালনার দায়িত্বে রয়েছেন বৈশাখী মজুমদার।
















