চলতি বছরের গোড়ার দিকে ঘোষণা করা হয়েছিল 'অভিমান' ছবিটির। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াসের প্রযোজনায় আসছে ছবিটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি ও যিশু সেনগুপ্তর লুক প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গিয়েছিল, রকস্টারের ভূমিকায় প্রসেনজিৎ চ্যাটার্জিকে। স্টেজে উঠে গান গাইছেন তিনি। অন্যদিকে যিশু, শুভশ্রীর মুখে বিষন্নতার ছায়া। পোস্টারে যদিও ধোঁয়াশাই বেশি। তবে অভিনেতাদের লুক প্রকাশ্যে আসার পর, ছবিটা ঘিরে উত্তেজনা বেড়েছে দর্শক মহলে।
এবার প্রকাশ্যে এল ছবির টিজার। ছবিতে রকস্টার প্রসেনজিৎ। তাঁর চরিত্রের নাম 'আকাশ চ্যাটার্জি'। বিবাহবিচ্ছেদের যন্ত্রণা আর অবসাদ গ্রাস করে তাকে। আর তার ফলে হারিয়ে যায় তার কেরিয়ার। সেই সঙ্গে হারিয়ে যায় একটা অধ্যায়ও। গল্পে প্রসেনজিৎ-এর চরিত্রটির অ্যালজাইমার ধরা পড়ে। তারপর একদিন নিরুদ্দেশ হয়ে যায় সে।
অন্যদিকে, যিশু ও শুভশ্রীর সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। গল্পে শুভশ্রীর চরিত্রের নাম 'শ্রী'। যিশুর সঙ্গে তার চরিত্রের দূরত্ব বাড়লেও প্রসেনজিতের চরিত্রের সঙ্গে তার অমোঘ টান ফুটে উঠল টিজারে। আবার বৃষ্টিতে ভিজে যিশুর সঙ্গে রোম্যান্স করতেও দেখা গেল শুভশ্রী গাঙ্গুলিকে। সব মিলিয়ে সম্পর্কের টানাপোড়েনে যে এগোবে ছবি, তা বোঝাই যাচ্ছে। শুধু টিজারই সামনে আসেনি, প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির দিনক্ষণও। আগামী ১৯ মে বড়পর্দায় আসছে 'অভিমান'।
সমাজমাধ্যমে টিজার ভাগ করে নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি লিখেছেন, 'ভালবেসে যদি ফিরে আসো কোনওদিন, সঙ্গে এনো না শুকনো কাগজের ফুল।'
প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই ফের ফিরছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালক-অভিনেত্রী জুটি। 'গৃহপ্রবেশ' ছবির তুমুল সাফল্যের পর আরও একবার হাত মেলালেন তাঁরা। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ-শুভশ্রী-যিশু। অরিজিতা ছাড়াও ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা ব্যানার্জি, প্রমুখকে।














