বহুদিন পর টিআরপি তালিকায় বিরাট রদবদল। সবাইকে ছাপিয়ে চমক দিল 'তারে ধরি ধরি মনে করি'। প্রথমবার জি বাংলার এই ধারাবাহিক পেল 'বাংলা সেরা' আসন। চলতি সপ্তাহে ৫.৬ নম্বর পেয়ে প্রথম স্থানে গোরা ও দিতির গল্প। পুনর্জন্ম, আধ্যাত্মিক বিশ্বাস এসবের মিশেলে জমজমাট এই ধারাবাহিক। তাই প্রথম থেকেই দর্শকের মনে জায়গা করেছিল এই মেগা‌। এবার তার প্রতিফলন দেখা গেল টিআরপিতে। 

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'পরিণীতা'। পারুল-রায়ানের কেমিস্ট্রি এখনও পর্যন্ত না জমলেও দর্শকের চোখে তারাই সেরা জুটি। বরাবরই পছন্দের তালিকায় থাকে এই ধারাবাহিক। এবার এই মেগার ঝুলিতে রয়েছে ৫.৪। বলা যায়, একটুর জন্য প্রথম স্থান হাতছাড়া হল পারুল-রায়ানের। 

তৃতীয় স্থানে ৫.৩ নম্বর পেয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'। এখন এই মেগায় আসছে টানটান উত্তেজনাপূর্ণ মোড়। তটিনীর আসল পরিচয় ফাঁস হতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই জমে উঠেছে পর্বগুলো। চতুর্থ স্থানে এবার 'জোয়ার ভাঁটা'। প্রাপ্ত নম্বর ৫.১। অন্যদিকে, নম্বর বেড়েছে 'কুসুম'-এর। জি বাংলার এই ধারাবাহিক এবার পঞ্চম স্থানে রয়েছে। ঝুলিতে রয়েছে ৫.০।

ষষ্ঠ স্থানে এবার জোড়া ধারাবাহিক। ৪.৮ পেয়ে একসঙ্গে রয়েছে 'গঙ্গা' ও 'প্রোফেসার বিদ্যা ব্যানার্জি'। বেশ খানিকটা নম্বর কমেছে দুই মেগার। সপ্তম স্থানে ৪.৭ পেয়ে আছে 'ও মোর দরদিয়া'। স্টার জলসার এই ধারাবাহিকে আসছে দারুণ টুইস্ট। এবার সেই টুইস্টে আগামীতে টিআরপিতে কেমন প্রভাব পড়ে, সেটাই দেখার। 

অষ্টমে আবার তিন তিনটে ধারাবাহিক। সদ্য শুরু হওয়া 'প্রতীজ্ঞা' ও 'সংসারের সংকীর্তন'-এর সঙ্গে ৪.৪ নম্বর পেয়ে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। নবমে 'কনে দেখা আলো'। প্রাপ্ত নম্বর ৪.৩। দশমেও নতুন ধারাবাহিক 'কমলা নিবাস', পেয়েছে ৪.০।

এই সপ্তাহে নতুন ধারাবাহিকগুলোর 'ওপেনিং পয়েন্ট' ভালই। পুরনোদের টেক্কা দিতে তৈরি নতুন মেগারা। টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে টিকে থাকবে? সময়ই বলবে।