'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকটি চলতি সপ্তাহে টিআরপি তালিকায় রীতিমত চমক দেখিয়েছে। উঠে এসেছে তিন নম্বরে। এবার গল্পেও চমক আসতে চলেছে। ফাঁস হতে চলেছে অদ্বিতীয়ার আসল পরিচয়? 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কুন্তলিনী ফের রূপমঞ্জরী ভেবে দিতিকে হত্যার চেষ্টা করে। তার ঘরে আবারও ছেড়ে দেয় এক বিষধর সাপ। কিন্তু সেই সাপ এবার দিতিকে কামড়ায় না। বরং অতিক্রম করে এগিয়ে যায়। আর সেই সময়ই ঘরে ঢোকে গোরা। তার পায়েই সাপটা কামড়ে দেয়। এরপরই বাড়িতে হুলস্থূল পড়ে যায়। 

গোরাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে বলে জানা যায়। তখন রূপমঞ্জরী রূপী দিতি জানায় এত দেরি করা সম্ভব নয়। এদিকে বাড়িতে কেবল গোরা চালাতে জানে। কী হবে এই সময় সকলে যখন ভাবছে দিতি বলে সে ড্রাইভ করে নিয়ে যাবে গোরাকে। আর এতেই বাড়ির সকলের মনে প্রশ্ন জাগে তবে কি সে আদৌ রূপমঞ্জরী নয়, বরং দিতি? কারণ সে তো গাড়ি চালাতে জানে না। শেষ পর্যন্ত গল্পে কোন বাঁক আসে সেটাই দেখার। দিতির আসল পরিচয় ফাঁস হবে, নাকি অন্য কিছু ঘটবে আগামী পর্বে জানা যাবে। 

প্রসঙ্গত চলতি সপ্তাহে' তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকটি টিআরপি তালিকায় তিন নম্বরে রয়েছে ৬ নম্বর পেয়ে। এই ধারাবাহিকটির হাত 'নিম ফুলের মধু' ধারাবাহিকের পর আবারও ছোটপর্দায় ফিরলেন পল্লবী শর্মা। জি বাংলার পর্দায় 'তারে ধরি ধরি মনে করি' রোজ দেখা যায়। এটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সম্প্রচারিত হয়।

প্রসঙ্গত সম্প্রতি টলিউডের অন্দরে জোর গুঞ্জন শুরু হয়েছিল যে, নিখোঁজ হয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা। সদ্যই তিনি 'নিম ফুলের মধু' ধারাবাহিকের পর বিরতি কাটিয়ে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবহিক নিয়ে ছোটপর্দায় ফিরেছিলেন। আর তার মধ্যেই এই বিপত্তি ঘটে গেল ভেবে হয়রান হন তাঁর অনুরাগীরা! শহর জুড়ে ছেয়ে যায় পল্লবীর নিখোঁজ পোস্টার। কিন্তু ঠিক কী ঘটেছিল? শহরের বিভিন্ন জায়গায় পল্লবী শর্মার যে নিখোঁজ পোস্টার পড়েছে সেখানে অভিনেত্রীর একটি সাদা কালো ছবি দেখা যাচ্ছে। সঙ্গে জানানো হয়েছে পল্লবী শর্মার খোঁজ দিতে পারলেই পাওয়া যাবে নগদ ১ লাখ টাকার পুরস্কার। সঙ্গে খোঁজ দেওয়ার জন্য দেওয়া হয়েছে দুটো ফোন নম্বরও। ভাবছেন ব্যাপারটা কী? পল্লবী শর্মা নিখোঁজ হয়েছিল, এটা সত্যি। তবে পর্দার জন্য, বাস্তবে নয়। আর এই খবর শেয়ার করেছেন খোদ অভিনেত্রীই। সবটাই এই ধারাবাহিকের অংশ।