'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকটি একদম গোড়া থেকেই চমক দেখাচ্ছে। পল্লবী শর্মার নতুন ধারাবাহিকও অতীতের ট্র্যাক রেকর্ড ধরে রাখল। আর এই ধারাবাহিক যাতে টিআরপি তালিকায় নিজের জায়গা পাকা করে রাখে তার জন্য গল্পে আসছে একের পর এক চমক। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে ইন্দুকে একটি ন্যাড়া ছাদে নিয়ে গিয়েছে রক্তিম। তার চোখ বেঁধে কানামাছি খেলার ছলে ছেড়ে দেয়। আর চোখ বাঁধা থাকার কারণে কিছুই বুঝতে পারে না ইন্দু। ফলে সে একদম ছাদের কিনারায় চলে যায়। 

অন্যদিকে দেখা যাচ্ছে, ছন্দার আবার বিয়ে দিচ্ছে রক্তিম। শুধু তাই নয়, এই দুই খবরই সে নিজে দিতিকে ফোন করে দেয়। জানায় একদিকে ইন্দুকে শেষ করবে সে, অন্যদিকে ছন্দার আবার বিয়ে হয়ে যাবে, এবার দিতির আর কিছুই করার থাকবে না। এই কথা শুনেই দিতি স্পষ্ট জানিয়ে দেয় সে থাকতে ইন্দুর কোনও ক্ষতি হতে দেবে না। ওদিকে মহাপ্রভুর আবির্ভাব হয় ইন্দুকে বাঁচাতে। ছাদের একদম কিনারায় পৌঁছে যেতেই একটি ইটের টুকরো পায়ে লাগে তার। ফলে সেখানেই থেমে যায় সে। এখন এটাই দেখার পালা, দিতি কীভাবে ইন্দুকে উদ্ধার করে, এবং রক্তিমকে শাস্তি দেয়। একই সঙ্গে ছন্দাকেও বা কীভাবে তার দ্বিতীয় বিয়ের হাত থেকে বাঁচিয়ে স্বামীর কাছে ফিরিয়ে আনে, আদৌ আনতে পারে কিনা সেটাই দেখার! 

প্রসঙ্গত, গল্পে সম্প্রতি দেখানো হয়েছে পুলস্ত্যের ষড়যন্ত্রের জালে পড়েছে গোরা। তাকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। এর আগে তাকে বাড়ির পরিচারিকা বিনার শ্লীলতাহানির অভিযোগের দায়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। বিনাকে ভয় দেখিয়ে গোরার বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগ চাপিয়েছিল পুলস্ত। শুধু তাই নয়, বিনার ছেলে গোপালকেও সে কিডন্যাপ করে আটকে রেখেছিল।এদিকে, অদ্বিতীয়া সবটা বুঝে ফেলে। অদ্বিতীয়া গোরার খোঁজে আসে। কিন্তু গোরার আগে সে গোপালকে উদ্ধার করতে যায়। আর সেখানেই ঘটে বিপদ। অদ্বিতীয়া দেখে একটা রোবট পুতুল এগিয়ে আসছে তার ও গোপালের দিকে। সেই সেই রোবটের সঙ্গে রয়েছে বোমা। অদ্বিতীয়া ভয়ে কাঁটা হয়ে যায়। কী করে সে বিপদ থেকে উদ্ধার হবে ভাবতে থাকে। এমন সময় সে দেখা পায় মহাপ্রভুর। তিনি যেন এসে গায়ের উত্তরীয় জড়িয়ে দেন দিতি ও গোপালকে। ফলে তারা বেঁচে যায় মহাপ্রভুর কৃপায়। 

এই ধারাবাহিকটির হাত ধরে 'নিম ফুলের মধু' ধারাবাহিকের পর আবারও ছোটপর্দায় ফিরলেন পল্লবী শর্মা। তাঁর বিপরীতে রয়েছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। জি বাংলার পর্দায় 'তারে ধরি ধরি মনে করি' রোজ দেখা যায়। এটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সম্প্রচারিত হয়। এই বিশেষ পর্ব টানা তিন দিন দেখানো হবে, ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত চলবে এই বিশেষ পর্ব।