'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকটি শুরু হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে দর্শকদের নজর কেড়েছে গল্পের জোরে। পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের রসায়নও জমে উঠেছে। এবার গল্পে আসছে নতুন চমক। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গোরার মা দিতিকে জানাচ্ছেন যে তাদের বাড়ির মেয়ে, বউরা বাড়ির বাইরে গান করে না। কিন্তু দিতিও নাছোড়। সে চায় বাইরে পারফর্ম করতে। নিজের কেরিয়ার গড়তে। নিজের পায়ে দাঁড়াতে। এদিকে শাশুড়ি সেটার বিরোধী। ছেলেকে গোরার মা সাফ জানিয়ে দেয় যদি দিতি বাইরে গান গাইতে যায়, তাহলে এই বাড়িতে হয় সে থাকবে, নইলে তিনি। তখন দিতি জানায় সেই বরং এই বাড়ি ছেড়ে চলে যাবে। 

দিতি বাড়ি ছেড়ে বাইরে এসে বসে। খাটিয়া পেতে থাকতে শুরু করে। জানায় সে এবার থেকে এখানেই থাকবে, গান গাইবে। গোরা আপত্তি জানায়, তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু দিতি জানিয়ে দেয় তার শাশুড়ি বুনো ওল হলে, সেও বাঘা তেঁতুল। শাশুড়িকে শিক্ষা দিয়েই ছাড়বে। এমন অবস্থায় কি আদৌ গোরার মায়ের মন গলবে? দিতি কি জেদ বজায় রেখে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে? কী ঘটে শেষ পর্যন্ত সেটা আগামী পর্বে জানা যাবে। 

সম্প্রতি এই ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছে, পুলস্ত তার বাবা-মাকে নিয়ে গোরাদের বাড়িতে ঢোকে। তাকে এমন অসময়ে আসতে দেখে বেশ অবাক হয়ে যায় বাড়ির সবাই। পুলস্ত বাড়িতে পা দিয়েই বলে অনেকদিন পর নিজের বাড়িতে এসে তার খুব ভাল লাগছে। এটা তার নিজের বাড়ি হবে কেন? প্রশ্ন করে গোরা‌‌। কিন্তু পুলস্তর জবাব শুনে সবাই চমকে যায়। পুলস্ত জানায়, গোরার দাদু এক সময় নিজের ভাইপো অর্থাৎ পুলস্তর বাবা-মাকে এই বাড়িতে থেকে বের করে দিয়েছিল। তাই এই বাড়ির সঙ্গে তার যোগসূত্র আছে। এই কথা শুনে চমকে ওঠে গোরা‌। এমনকী দাদুও কোনও কথা বলতে পারে না। অন্যদিকে, পুলস্ত অদ্বিতীয়ার হাত টেনে ধরে, জানায় এবার বাড়ির অধিকার যেমন বুঝে নেবে, তেমন সে প্রমাণ করে দেবে অদ্বিতীয়া তার বাগদত্তা। এই কথা শুনে গর্জে ওঠে অদ্বিতীয়া।‌ সে জানায়, তার একমাত্র পরিচয় সে গোরাচাঁদ গোস্বামীর স্ত্রী রূপমঞ্জুরী। 

এই ধারাবাহিকটির হাত 'নিম ফুলের মধু' ধারাবাহিকের পর আবারও ছোটপর্দায় ফিরলেন পল্লবী শর্মা। জি বাংলার পর্দায় 'তারে ধরি ধরি মনে করি' রোজ দেখা যায়। এটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সম্প্রচারিত হয়। এই বিশেষ পর্ব ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি দেখানো হবে।