স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই সমাজমাধ্যমে সক্রিয়। নিজের কোনও অনুভূতি তুলে ধরা হোক বা কাজের খবর দেওয়া, কিংবা ব্যক্তিগত কোনও বিষয় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া, তিনি সবটাই করে থাকেন। তবে এদিন তিনি যে পোস্টটি করেছেন, তা পড়ে চোখের কোণে জল চিকচিক করছে তাঁর অনুরাগীদের। 

২০২০ সালের ১১ মার্চ না ফেরার দেশে পাড়ি দেন বাংলা বিনোদন জগতের প্রবাদপ্রতিম অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। অর্থাৎ আজ তাঁর মৃত্যুবার্ষিকী। আর বাবার প্রয়াণ দিবসে একটি ছবি পোস্ট করে এই আবেগঘন বার্তা লেখেন স্বস্তিকা। 

অভিনেত্রী যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে তিনি সন্তু মুখোপাধ্যায়ের হাত ধরে দাঁড়িয়ে। অভিনেত্রীর পরনে শাড়ি। অন্যদিকে প্রয়াত অভিনেতা পাঞ্জাবি এবং পায়জামা পরে দাঁড়িয়ে। 

এই ছবিটি পোস্ট করে এদিন স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, 'কত কিছু ঘটতে থাকে প্রতিনিয়ত, কত রঙ্গ দেখাচ্ছে দুনিয়া, তুমি থাকলে রোজ রাতে এই নিয়ে আমাদের মিটিং চলত আমি নিশ্চিত, তুমি হাসি দিয়ে শুরু করে তারপর গালাগাল দিয়ে ভুত ভাগাতে। তোমার ওই অট্ট হাসি রোজই মনে পড়ে বাবা। প্রাণ মন খোলা হাসির প্রতিযোগিতা হলে তুমি আর মা প্রত্যেকবার প্রথম প্রাইজ পেতে। আহা। অমন করে আজকাল কেউ হাসে না। বেশি জোরে হাসলে আবার লোকে কি বলবে এই চিন্তা এখন বড় চিন্তা। কোনও নতুন কাজ শুরু করলে মনে হয় ইশ এটা তুমি জেনে গেলে পারতে। কোনও নতুন কাজ বেরোলে মনে হয় ইশ এটা তুমি দেখে গেলে পারতে।' 

তিনি এদিন আরও লেখেন, 'ইশ এর পাহাড় একদিন কাঞ্চনজঙ্ঘা কেও ছাড়িয়ে যাবে বাবা। এই দিনটা এলেই সকাল থেকে মনটা কেমন ঘড়ির দিকে তাকিয়ে থাকে। এখনও ছিলে, এখনও বাইরের ঘরের খাট টায় তোমায় দেখতে পাচ্ছিলাম। এখনও তোমার গায়ে হাত দিলে তুমি জানান দিচ্ছিলে আছো। এই আছো টাই আশ্রয়। সে থাকা যেমনই হোক তবু তো থাকা। বটের ছায়ার মতন আরামের, শান্তির, ভরসার। ভালো থেকো বাবা। যত্নে থেকো। জীবনে যত্ন টাই সব। তোমার বড় স্টিলের গেলাস টাই এখন আমার গেলাস। দাদার গেলাস থেকে নাম পাল্টে এখন ওটা বড়দির গেলাস হয়েছে। যতবার ওটা হাতে নিয়ে চুমুক দিই ততবার তোমার হাত টা চোখের সামনে ভাসে। পুরুষ মানুষের অমন সুন্দর হাত পা জন্মে দেখিনি। অবিকল ঈশ্বরের মতন।'

বাবার উদ্দেশ্যে স্বস্তিকার বার্তা, 'সুন্দর মানুষ, সুন্দর থেকো। আর আমাদের যা কথা ছিল মনে রেখ। পরের বারটায় তুমিই আসছো কিন্তু। ভুলে আবার অন্য কোথাও চলে যেওনা। কোথা দিয়ে হুশ করে ৬ টা বছর কেটে গেল বাবা। এইভাবেই হুশ করে বাকিটাও চলে যাবে তারপর আবার তোমায় দেখতে পাব। মেঘের দেশে। তোমায় আমি খুব ভালবাসি বাবা। রোজ বাড়ি ফিরে একবার করে তোমায় সে কথা বলা উচিত ছিল। বলিনি। দেখা হলে জাপটে জড়িয়ে ধরে বলব না হয়। শুটিং করতে পাহাড়ে এসছি। আজ ভোর থেকে কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে চারদিক। এই মেঘের মধ্যেই তুমি আছো, তাই বারান্দা দিয়ে ঘরে ঢুকে পড়ছ বুঝি ? তুমি আছো জানান দিচ্ছো বাবা? আকাশ থেকে নেমে তাই এভাবে আলিঙ্গন করছ? আকাশটাও আজ কেমন থম মেরে আছে, তারও যেন মন খারাপ। সে আঁচল বিছিয়ে কার পথ আগলে আছে কে জানে ?' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, স্বস্তিকা মুখোপাধ্যায়কে দর্শক আগামীতে 'প্রোমোটার বৌদি' ছবিতে দেখতে পাবেন। সদ্যই সেই ছবির ঝলক প্রকাশ্যে এসেছে।