রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় উস্কানিমূলক মন্তব্যের জন্য প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন। গত বৃহস্পতিবার, ২১ মে গড়িয়াহাট থানায় দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেন। জয়দীপ সেন। শনিবার, ২৩ মে সেই মামলায় গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন স্বস্তিকা।
জানা যাচ্ছে, প্রায় এক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। উস্কানিমূলক পোস্টের মন্তব্য করার বিষয় নিয়ে মুলত জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। স্বস্তিকা হাজিরা দিলেও পরমব্রত থানায় যোগাযোগ করেছিলেন কিনা তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
প্রসঙ্গত, ২০২১ সালে ২ মে পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলপ্রকাশ হয়৷ ওইদিন পরমব্রত টুইট করেছিলেন 'আজ বিশ্ব রগড়ানি দিবস হিসাবে ঘোষিত হোক।' এই টুইটটি পুনরায় শেয়ার করে স্বস্তিকা মুখার্জি লেখেন, 'হাহাহা হোক হোক৷'
গড়িয়াহাট থানায় অভিযোগ জানিয়েছেন আইনজীবী জয়দীপ সেন৷ অভিযোগকারীর মতে, খ্যাতনামী ব্যক্তিরা এই ধরনের মন্তব্য করলে কার্যত রাজনৈতিক হিংসায় প্ররোচনা দেওয়া হয়৷ এই আচরণ ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসাবে গণ্য হতে পারে৷ গড়িয়াহাট থানায় অভিযোগ জানিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন আইনজীবী জয়দীপ সেন।
অভিযোগ পত্রের বয়ান অনুযায়ী, ওই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন৷ বেলেঘাটার অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডের উল্লেখও করা হয়েছে অভিযোগপত্রে৷ এই ঘটনা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে৷ পরমব্রত চ্যাটার্জি ও স্বস্তিকা মুখার্জির সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল৷ তাঁদের পক্ষ কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।















